২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে লাভ নেই: গভর্নর

অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার বিরোধিতা করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 12:45 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার বিরোধিতা করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান। আগামী অর্থবছরের বাজেট ঘোষণার এক মাস আগে রোববার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি খেলাপি ঋণ আদায়ে আরো কঠোর হবেন বলেও জানান। আগামী অর্থবছর সরকারি-বেসরকারি অংশীদারিত্বে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেওয়া হবে বলেও গভর্নর জানান। আতিউর বলেন, "একজন অর্থনীতিবিদ হিসেবে আমি বলতে চাই, কালো টাকা সাদা করার সুযোগ প্রক্রিয়ায় কোনো লাভ হয়নি। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।" এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে চারটি খাতে ৪৭ কোটি ২০ লাখ অপ্রদর্শিত টাকা সাদা হয়েছে। ৫৩ জনের টাকা সাদা করার এ পরিমাণকে 'খুব সামান্য' বলে মনে করছেন এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। গভর্নর জানান, বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলোর নিট খেলাপি ঋণের পরিমাণ ৩ শতাংশের নিচে। গড় খেলাপি ঋণ ৯ দশমিক ২ শতাংশ। "খেলাপি ঋণ আদায়ে কঠোর হতে হবে। ঋণখেলাপি যেন না বাড়ে, সে দিকেও নজরদারি চলছে", বলেন তিনি। আতিউর বলেন, বর্তমান বাজেটে পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাস্তবায়ন করা যায়নি। আগামী বাজেট হবে পিপিপি বাস্তবায়নের বাজেট। গ্যাস ও বিদ্যুৎ সেক্টরে বিনিয়োগের প্রস্তাব আসছে।" গত এক বছরে কৃষিঋণ বিতরণ ও আদায় দুটোই বেড়েছে বলে গভর্নর জানান। তিনি বলেন, তবে ঋণ মাফ করার সংস্কৃতি কখনো প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে কৃষকদের ঋণের ব্যাপারে পুনঃতফসিল করা হবে। কৃষকদের জন্য ক্ষুদ্র বীমা চালুর কথা ভাবা হচ্ছে বলেও জানান গর্ভনর। সরকারি ব্যাংক ব্যবস্থাকে গতিশীল করতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেতন কাঠামো সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। বেসরকারি ব্যাংকগুলো যেন নির্ধারিতের চেয়ে বেশি মাশুল আদায় করতে না পারে সে দিকে নজর রাখা হবে বলেও জানান তিনি। অর্থ মন্ত্রণালয়ের অধীনে ব্যাংকিং বিভাগ চালু কেন্দ্রীয় ব্যাংকের কাজে কোনো ধরনের প্রভাব ফেলবে কি না- জানতে চাওয়া হলে গভর্নর বলেন, এটা সরকারের সিদ্ধান্ত, এতে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়বে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গভর্নরের মিট দ্য প্রেস অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক পথিক সাহা ও অর্থ সম্পাদক আশরাফুল ইসলামও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮১৮ ঘ.