২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুতার দাম নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক নিষ্ফল

সুতার দাম স্থিতিশীল রাখতে সুতা ও পোশাক প্রস্তুতকারকদের নিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের বৈঠকে কার্যত কোন ফল আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 03:23 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুতার দাম স্থিতিশীল রাখতে সুতা ও পোশাক প্রস্তুতকারকদের নিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের বৈঠকে কার্যত কোন ফল আসেনি। সোমবার সচিবালয়ে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে উভয় সংগঠনের নেতারা সুতার দাম বিষয়ে নিজ নিজ অবস্থানে অনঢ় থেকেছেন। তবে মন্ত্রী জানিয়েছেন, বৈঠকে সমঝোতা হয়েছে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) প্রতিকেজি সুতার দাম তিন দশমিক ৬০ থেকে তিন দশমিক ৮০ ডলারের মধ্যে রাখতে সুতা প্রস্তুতকারকদের বলেছে বলে সাংবাদিকদের জানান অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক। এ দাম হলে তা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে জানিয়ে তিনি বলেন, "আমরা সুতা উৎপাদকদের লস দিয়ে বিক্রি করতে বলছি না। আমরা তাদের বলেছি, সুযোগ সন্ধানি না হয়ে ন্যায্য দামে বিক্রি করুন।" অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তুলার দাম বৃদ্ধির কারণে সুতার বর্তমান দাম বহাল রাখতে বৈঠকে সুতা প্রস্তুতকারকরা প্রস্তাব দিয়েছে বলে জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক মোশাররফ হোসেন। তিনি জানান, বর্তমানে প্রতিকেজি সুতা চার থেকে চার দশমিক ১০ ডলারে বিক্রি হচ্ছে। তবে বিটিএমইএ'র এ দাবির সঙ্গে একমত নয় পোশাক প্রস্তুতকারকরা। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সাংবাদিকদের জানান, ঘণ্টায় ঘণ্টায় সুতার দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সামঞ্জস্য করার দাবি জানিয়েছেন তারা। সুতা উৎপাদকরা দাম না কমালে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাণিজ্যিকভাবে সুতা আমদানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নীতিমালা সহজ করতে বৈঠকে দাবি তোলে পোশাক প্রস্তুতকারকরা। দাম নিয়ে তুলা ও পোশাক উৎপাদকরা নিজেদের দাবিতে অটল থাকলেও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দীকি সাংবাদিকদের বলেন, "সমঝোতা হয়েছে। সুতার দাম যৌক্তিক পর্যায়ে থাকবে।" স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বিষয়ে আলোচনা হলেও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। শনিবার বিকেএমইএ'র এক সংবাদ সম্মেলনে বলা হয়, ভারতের তুলা রপ্তানি বন্ধ ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে দেশের সুতা উৎপাদনকারী একটি গোষ্ঠী অতি মুনাফা করার জন্য অস্বাভাবিকভাবে দাম বাড়িয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ফেব্র"য়ারিতে দেশে প্রতিকেজি সুতার দাম ছিলো দুই ডলার ৮৫ সেন্ট। ২১ এপ্রিল তা হয়েছে চার ডলার ২০ সেন্ট। তুলার দাম বৃদ্ধির সঙ্গে সুতার দাম বৃদ্ধির অসঙ্গতি তুলে ধরে বিকেএমইএ সভাপতি জানান, ফেব্র"য়ারিতে প্রতি পাউন্ড তুলার দাম ছিলো ৮০ দশমিক ০৫ সেন্ট এবং ২০ এপ্রিল তা হয়েছে ৮৬ দশমিক এক সেন্ট। প্রতিবেশি দেশগুলোতে তিন দশমিক ৬০ সেন্টে প্রতিকেজি সুতা পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২১১৪ ঘ.