ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বড় বিনিয়োগ প্রয়োজন হলেও গ্যাস-বিদ্যুৎ ও অবকাঠামো সমস্যা এ ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এডিবি'র বার্ষিক প্রকাশনা (প্রতিবেদন) এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১০ (এডিও-২০১০)-এ অভিমত দিয়েছে সংস্থাটি।
এডিবি ঢাকা কার্যালয়ে মঙ্গলবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে এডিবির আবাসিক প্রতিনিধি পল জে হেইটেন্স ও প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বক্তব্য দেন।
গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট নিয়ে এক প্রশ্নের উত্তরে পল জে হেইটেন্স বলেন, "জ্বালানি সঙ্কটের কারণে শিল্প খাতে তথা বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়েছে। এ সঙ্কট মোকাবিলায় বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে।"
প্রতিবেদন অনুযায়ী চারটি বিষয়কে বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে এডিবি। এগুলো হলো গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে মন্থরগতি, অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির চাপ এবং রপ্তানি পণ্যের বহুমুখিকরণ।
প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতির মন্দার কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে।
গত অর্থবছর ৫ দশমিক ৯ প্রবৃদ্ধি অর্জিত হয়। তবে বাংলাদেশ ইতিমধ্যেই মন্দার কবল থেকে অনেকটাই বেড়িয়ে আসতে পেরেছে। এ কারণে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র বিমোচনে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। কিন্তু গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামো খাতের সমস্যা সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে।
এছাড়া চলতি বাজেটে সরকার পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব উদ্যোগ) নামের নতুন একটি উন্নয়ন কর্মসূচি হাতে নিলেও তার সুফল এখনও চোখে পড়ছে না। এদিকে সরকারের নজর দেয়া উচিৎ বলে প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদেন বলা হয়, বিশ্বমন্দার কারণে পোশাক রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। এ বিষয়টি বিবেচনায় রেখে রপ্তানি পণ্যের বহুমুখিকরণের দিকে সরকারকে নজর বিশেষ নজর দিতে হবে।
ছোট একটি দেশে বিপুল সংখ্যক জনগোষ্ঠী বাংলাদেশের জন্য আরেকটি চ্যালেঞ্জ বলে প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশকে নিয়ে পাঁচটি ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। সেগুলো হচ্ছে- বিশ্বমন্দা মন্দা কাটিয়ে ওঠায় মন্থরতা, বিদ্যুৎ ও গ্যাস সংকট, বিনিয়োগে আস্থাহীনতা ও সুশাসনের অভাব, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং প্রাকৃতিক দুর্যোগ।
প্রতিবেদনে আরো বলা হয়, চলতি অর্থবছরে বাংলাদেশের কৃষি খাতে ৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। আগামী বছর তা হতে পারে ৪ দশমিক ৩ শতাংশ। শিল্প খাতে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ এবং আগামী বছর তা ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে। এ অবস্থা চলতে থাকলে আগামী অর্থবছর তা ৭ দশমিক ৮ শতাংশে দাঁড়াতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/পিডি/২১০৬ ঘ.
bdnews24