২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকের বেতন বৃদ্ধি পোশাক রপ্তানির হুমকি নয়: জার্মান মিশন

শ্রমিকদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ালেও বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়ার ক্ষেত্রে তা কোনো হুমকি হয়ে দাঁড়াবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 11:43 AM

Updated : 24 Aug 2022, 08:25 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ালেও বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়ার ক্ষেত্রে তা কোনো হুমকি হয়ে দাঁড়াবে না। সোমবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সফররত জার্মানির দুই সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন একথা জানিয়েছে। অবশ্য তাদের এ বক্তব্য স্থানীয় পোশাক প্রস্তুতকারকদের দৃষ্টিভঙ্গির সঙ্গে বিরোধ তৈরি করে। গত ৭ এপ্রিল জার্মানির এ মিশন বাংলাদেশে আসে। মিশনের সদস্যরা হলেন জার্মানির ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির সংসদ সদস্য জার্গেন ক্লিমকে এবং বিরোধী দলের সংসদ সদস্য নিয়েমা মোভাসসাৎ। তারা দুজনই অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক সংসদীয় কমিটির সদস্য । দুসদস্যের এ দলের প্রতিবেদনের প্রেক্ষিতে আগামী দুবছরে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বিষয়ক আলোচ্যসূচি নির্ধারণ করবে জার্মান সরকার। সংবাদ সম্মেলনে তারা বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরা পোশাকের সর্বশেষ ক্রয়মূল্যের মাত্র এক শতাংশ শ্রমিকদের পেছনে ব্যয় করেন যা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারকরা শ্রমিকদের বেতন ও সুযোগ-সুবিধা বাড়ালে জার্মানির ক্রেতারা আরো অর্থ ব্যয়ে প্রস্তুত রয়েছেন বলেও তারা জানান। জার্মানি প্রতিবছর বাংলাদেশ থেকে ১.৯ বিলিয়ন ইউরোর তৈরি পোশাক আমদানি করে। নিয়েমা বলেন, "বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারকদের মাত্র পাঁচ শতাংশ সামাজিক পরিবেশ সৃষ্টিতে সহায়তা করে।" তিনি জানান, শ্রমিকদের জন্য কোনো দায়িত্ব না নিয়েই জার্মানির আমদানিকারকরা কম মূল্যে বাংলাদেশ থেকে পোশাক নেয়। কিন্তু এই একই পণ্য জার্মানিতে কিনতে হলে তাদেরকে সামাজিক দায়বদ্ধতা রক্ষায় অর্থ ব্যয় করতে হত। একইসঙ্গে রপ্তানির উন্নয়ন ও শ্রমিকদের জন্য সামাজিক পরিবেশ রক্ষা করা সম্ভব বলেও জার্মান সাংসদ নিয়েমা জানান। বাংলাদেশে অধিকাংশ তৈরি পোশাক প্রস্তুতকারক ইউনিট তাদের শ্রমিকদের খুব অল্প পারিশ্রমিক দিয়ে ও তাদের ওভারটাইমের টাকা না দিয়েই চাকরিচ্যুত করে জানিয়ে তিনি বলেন, "সামাজিক দায়বদ্ধতা রক্ষায় ব্যর্থ হওয়াটা গ্রহণযোগ্য নয়।" জার্গেন বলেন, বাংলাদেশের ২৫ জন সংসদ সদস্যের তৈরি পোশাক শিল্পের ব্যবসায় আগ্রহ রয়েছে। তিনি বলেন, "জার্মান সরকার এমন একটি পদ্ধতি চালু করতে পারে যেখানে পোশাকে 'সামাজিকভাবে দায়বদ্ধ কারখানায় প্রস্তুত' ট্যাগ লাগানো থাকবে। এ ট্যাগের অর্থ হলো এ পোশাকের বিক্রিত মূল্যের একটি অংশ পোশাকটির শ্রমিকদের সামাজিক কল্যাণে ব্যয় করা হবে।" গত দুবছরে বাংলাদেশে যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত সে বিষয়ে জার্মান সরকার সন্তুষ্ট বলেও জানান তিনি। পোশাক শিল্পের অবস্থা মূল্যায়নে সফররত জার্মান সাংসদরা রাজনৈতিক নেতা, তৈরি পোশাক প্রস্তুতকারক, শ্রমিক এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে দেখা করেছেন। কোনো দেশের জন্য উন্নয়ন সহযোগিতা কর্মসূচি চূড়ান্ত করার আগে সেদেশে সংসদীয় একটি দল পাঠায় জার্মান সরকার। প্রতিবছর ৫৫ মিলিয়ন ইউরোর উন্নয়ন সহায়তা দিয়ে থাকে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এফএফ/পিডি/১৭৪১ ঘ.