২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সমিতিগুলো কখনোই নিয়ম মেনে গঠিত হয়নি'

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি পণ্যের বিপণনে সমবায় আন্দোলন জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন কৃষি ও কৃষি অর্থনীতি বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 11:03 AM

Updated : 24 Aug 2022, 08:21 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি পণ্যের বিপণনে সমবায় আন্দোলন জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন কৃষি ও কৃষি অর্থনীতি বিশেষজ্ঞরা। তারা বলেছেন, সমবায় সমিতিগুলো কখনোই নিয়ম মেনে গঠিত হয়নি। সরকারের সহজ শর্তের ঋণ মৎস্যজীবীদেরও কাজে আসেনি। তারা বলেন, কৃষকরা ফসল ফলালেও এর সম্ভাব্য ব্যয় এবং সম্ভাব্য মূল্য সম্পর্কে কিছুই জানতে পারে না। তাই কৃষকরা অনেক সময় বেশি উৎপাদনের আগ্রহী হয় না। আবার উৎপাদন করার পরও অনেকক্ষেত্রে তারা সঠিক মূল্য পায় না। এতে লাভবান হয় মধ্যস্বত্ত্বভোগীরা। এ থেকে কৃষকদের রক্ষায় উৎপাদন ও বিপণনে সমবায় ব্যবস্থা চালু করা দরকার। বাংলাদেশ অর্থনীতি সমিতির ১৭তম দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন উপলক্ষে আয়োজিত তিনদিন ব্যাপী সেমিনারের দু'টি অধিবেশনে বক্তারা শনিবার এ মত প্রকাশ করেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার সকালে ইনস্টিটিউশনের মূল মিলনায়তনে দুই পর্বে 'উন্নয়ন সম্পৃক্ততায় সমবায় এবং কৃষি, জলাভূমি সংস্কার, ভূমি ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক দু'টি কর্মঅধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যথাক্রমে ড. নাসরিন খন্দকার ও ড. মাহবুব হোসেন। দু'টি অধিবেশনে মূল বিষয়ের ওপর মোট সাতটি প্রবন্ধ উপস্থাপিত হয়। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একেএম এনামুল হক, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সাত্তার মণ্ডল, কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জয়নুল আবেদীন, সমিতির প্রাক্তন সভাপতি অধ্যাপক সেকেন্দার আলী, ইডেন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ সাইদুন্নেছা লায়লা, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক আনোয়ারুল ইসলাম। একেএম এনামুল হক মৎস্য চাষের বিষয় উল্লেখ করে বলেন, দেশে জলমহালগুলো ইজারা দেয়ার ব্যাপারে যে নীতিমালা রয়েছে, তার ফাঁক দিয়ে প্রভাবশালীরা এসবের ইজারা পাচ্ছে। অমৎস্যজীবীরা ইজারা পাওয়ায় সরকারের সহজ শর্তের ঋণ মৎস্যজীবীদের কোন কাজে আসেনি। এতে শুধু অর্থের অপচয় হয়েছে। অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সমবায় আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, সমবায় আন্দোলনের শুরু থেকে কখনোই সমিতিগুলো নিয়ম মেনে গঠিত হয়নি। ফলে এ আন্দোলন বেশি দূর এগোতে পারেনি। সমবায়ের তেমন বিকাশ ঘটেনি। তারপরও স্বাধীনতার পর সমবায় আন্দোলন এগোতে শুরু করে। কিন্তু ৭৫ এ পটপরিবর্তনের পর তা থেমে যায়। তিনি অব্যহৃত ভূমি ও অনুপস্থিত মালিকদের জমি সমবায়ের ভিত্তিতে চাষাবাদের ব্যবস্থা করার পরামর্শ দিয়ে বলেন, এতে অনুপস্থিত ভূমি মালিকরা অনেক বেশি ফসল পাবে। এতে সরকার ও কৃষকরাও লাভবান হবে। দেশের কোন জমি অব্যবহৃত পড়ে থাকবে না। ফলে উৎপাদন বাড়বে। এতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। উপাচার্য আব্দুস সাত্তার মণ্ডল বলেন, বর্তমান সরকার কৃষি বিষয়ে সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য একটি কমিটি গঠন করেছে। এ কমিটি সমস্যাগুলো চিহ্নিত এবং এর সমাধানের সুপারিশ প্রণয়নে কাজ করছে। তিনি কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি বিপণন অধিদপ্তরের আধুনিকায়নে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এ প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং কার্যকারিতা বাড়লে কৃষকরাই উপকৃত হবে। উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬৪১ঘ.