ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহারে বর্ধিত বিল দিতে চায় না পোশাক রপ্তানিকারকরা।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদল মুহিতের সঙ্গে দেখা করে এ বর্ধিত বিল বাতিলের আবেদন জানায় রপ্তানিকারকদের দুই শীর্ষ সংগঠন বিজেএমইএ ও বিকেএমইএ।
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজেএমইএ) ও বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা এসময়
গ্যাস ব্যবহার না করা হলেও সংযোগের জন্য ন্যূনতম বিলের বিষয়টিও বাতিলের আবেদন জানান।
বিজিএমইএ ও বিকেএমইএ'র আবেদন দুটি বিবেচনা করা হবে জানিয়ে মুহিত সাংবাদিকদের বলেন, "তবে, নতুন বিদ্যুৎ বিল বিষয়ে আমরা কোনো কথা দিইনি।"
গত ২ মার্চ সরকার প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ বিল বাড়ায়।
বাণিজ্যিক খাতে বিদ্যুৎ ব্যবহারীদের ক্ষেত্রে পিক আওয়ারে বিল বাড়ে তিন দশমিক শূন্য পাঁচ শতাংশ।
এ হিসেবে পিক আওয়ারে ঘণ্টায় প্রতি কিলোওয়াট বিদ্যুতের জন্য তাদের বিল দিতে হয় আট টাকা ৪৫ পয়সা।
বিজেএমইএ'র সভাপতি আব্দুস সালাম মুর্শেদি সাংবাদিকদের বলেন, "দুই সপ্তাহের মধ্যে নতুন ঘোষণা হবে বলে অর্থমন্ত্রী রপ্তানিকারকদের নিশ্চিত করেছেন।"
তিনি বলেন, "বিদ্যুতের বর্ধিত বিল, পিক আওয়ারের বর্ধিত বিল এবং গ্যাস সংযোগের ন্যূনতম বিল আমরা দিতে চাই না।"
নতুন বিল অনুযায়ী বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে অফ-পিক আওয়ারে ঘণ্টায় প্রতি কিলোওয়াট বিদ্যুতের বিল চার টাকা পাঁচ পয়সা।
এ বিল আগের তুলনায় ছয় দশমিক ৫৮ শতাংশ বেশি।
রপ্তানিকারকরা জেনারেটর আমদানির জন্য ২ শতাংশ হার সুদে ব্যাংক ঋণ এবং বাড়ি ভাড়ার মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানান।
ব্যবসায়ী দল মন্ত্রীকে জানান, নবায়নকৃত ঋণে ব্যাংকগুলো অতিরিক্ত সুদ নিচ্ছে।
এ প্রসঙ্গে মুহিত বলেন, "ব্যাংকগুলো নবায়নকৃত ঋণে দৃশ্যত নির্ধারিত ১০ শতাংশের বেশি সুদ ধরছে। বাংলাদেশ ব্যাংককে বিষয়টি দেখতে বলেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০০১ ঘ.
bdnews24