ফেনী, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্থিক খাত নিয়ে রোড শো উপলক্ষে ফেনীতে মতবিনিময় সভা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় রোড শো'র গাড়িবহর ফেনী পৌঁছায়। ফেনী শহরে প্রবেশের পথে মহিপাল থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ রোড় শো'র গাড়িবহরকে স্বাগত জানায়।
ফেনীতে কর্মরত বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারাও গাড়িবহরকে স্বাগত জানায়। পরে গাড়িবহর শহরের ওয়াপদা মাঠে যায়।
বাংলাদেশ ব্যাংক আয়োজিত এই রোড শো শুক্রবার কক্সবাজারের টেকনাফ থেকে শুরু হয়। শনিবার রোড শো'র গাড়িবহর চট্টগ্রাম পৌঁছায়। সেখান উডল্যান্ড পার্কে মেলা ও আলোচনা সভা হয়।
'উন্নয়নের যাত্রা: টেকনাফ থেকে তেঁতুলিয়া'- এ স্লোগানে আর্থিক খাতের চারটি বিষয়ে সচেতনতা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এই রোড শোর আয়োজন করেছে।
চার বিষয় হলো- কৃষিখাতে ঋণ বিতরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন বিষয়ে সচেতনতা তৈরি এবং বিদেশ থেকে প্রবাসী আয় বৈধপথে দেশে পাঠানোর ব্যাপার উৎসাহিত করা।
রোড শো উপলক্ষে ফেনী কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন।
ঢাকা ব্যাংক এর উপ ব্যবস্থাপনা পরিচালক তানভীর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ম. মাহফুজুর রহমান, সুকোমল সেন চৌধুরী, জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুছ খান, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।
মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে রোড শো'র গাড়িবহর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২০ ঘ.
bdnews24