২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধের হুমকি

বুধবার থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধ করবে বলে সরকারকে রোববার হুমকি দিয়েছে বাংলাদেশ তৈলবাহী জাহাজ মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 03:00 PM

Updated : 24 Aug 2022, 07:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- বুধবার থেকে জ্বালানি তেল পরিবহন বন্ধ করবে বলে সরকারকে রোববার হুমকি দিয়েছে বাংলাদেশ তৈলবাহী জাহাজ মালিক সমিতি। "জ্বালানি তেল পরিবহনে অতিরিক্ত জাহাজ যোগ করার পরিকল্পনা হচ্ছে" জানিয়ে তা বাতিল করার দাবিতে এ হুমকি দেওয়া হয়। রাজধানীর সোনারগাঁও হোটেল এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি টি এম গিয়াসউদ্দীন আহ্মদ জানান, বর্তমানে বাংলাদেশে ৮১টি কোস্টাল জাহাজ রয়েছে (কোস্টাল জাহাজ সমুদ্রবন্দর থেকে জ্বালানি তেল দেশের ভেতরে পরিবহনের কাজ করে থাকে কোস্টাল জাহাজ)। "সরকারের একটি প্রভাবশালী মহলের চক্রান্তে আরো ৩০-৪০টি জাহাজ বহরে যোগ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে," দাবি করে তিনি বলেন, "এতে পুরো তৈলবাহী পরিবহন শিল্প ঝুঁকির মুখে পড়বে।" তিনি জানান, গ্যাসের ব্যবহার বাড়ায় জ্বালানি তেলের ব্যবহার ৩৫% কমে গেছে। এ কারণে ট্রিপের সংখ্যা কমে যাওয়ায় বর্তমানে অনেক মালিকই লোকসান দিয়ে ব্যবসা করছে। জাহাজের সংখ্যা বাড়ানো প্রসঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আনোয়ারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "১২টি কোস্টাল ও ছয়টি শ্যালো জাহাজ যোগ করার পরিকল্পনা রয়েছে। তবে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।" "২৪ মার্চের আগে সমিতি সরকারের সঙ্গে বৈঠকে বসবে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার চেষ্টা করবে," সংবাদ সম্মেলনে জানান সমিতির সিনিয়র সহ-সভাপতি হাবিবুল আলম বীরপ্রতীক। তিনি বলেন, "সমঝোতা না হলে আগামী ২৪ মার্চ রাত ১২টা থেকে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।" বিপিসি চেয়ারম্যান জানান, বতর্মানে সাড়ে তিন লাখ মেট্রিক টন ডিজেল ও ফার্নেস অয়েল পরিবহন করা হয়। কয়েক বছরের মধ্যে পরিবহনযোগ্য ডিজেল ও ফার্নেস অয়েলের পরিমাণ প্রায় ১৯ লাখ মেট্রিক টনে দাঁড়াবে জানিয়ে করিম বলেন, "অতিরিক্ত জ্বালানি পরিবহনে যেন সমস্যা না হয় সেজন্য এ পরিকল্পনা নেওয়া হয়েছে।" সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি এম এইচ খান মঞ্জু ও স্ট্যান্ডিং কমিটির সভাপতি কে এম মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গিয়াসউদ্দিন জানান, সরকারের প্রভাবশালী মহলের পরিচয় তারা দিতে চান না। 'নির্ভরযোগ্য সূত্রে' বিষয়টি জানতে পেরেছেন দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসএইচএ/পিডি/২০৪৩ ঘ.