ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্রঋণে সুদের হার নিয়ে ব্যাপক সমালোচনার মুখে এ হার নির্দিষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের ব্যাংকের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস।
তিনি বুধবার বলেন, "সুদের হার কত হবে, তা আমাদের বলে দিন; কারণ অনেকেই বলে এ হার অনেক বেশি।"
রাজধানীর সোনারগাঁও হোটেলে 'মাইক্রোফিন্যান্স রেগুলেশনস: হু বেনিফিটস' শীর্ষক তিনদিনের আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইউনূস এ কথা বলেন।
তিন দিনের ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ক্ষুদ্রঋণে সুদের হার নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, "ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে, উচ্চ সুদের হার ও মাশুল, ঋণ ফাঁদ, কম প্রযুক্তি ব্যবহার।"
উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান অধ্যাপক কাজী খলীকুজ্জমান ক্ষুদ্রঋণের উচ্চসুদের বিষয়টি তুলে ধরে বলেন, "ক্ষুদ্রঋণের সুদের হার অনেক বেশি। ১০ শতাংশ সুদে ঋণ নিয়ে ৪৬ কিস্তিতে পরিশোধ করতে মোট কার্যকরী সুদ দিতে হয় ২৫ শতাংশ।"
ইউনূস বলেন, এই ক্ষেত্রে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (এমআরএ) 'একটি সর্বসম্মত সুদের হার' নির্ধারণ করা উচিত।
একইসঙ্গে 'ক্ষুদ্রঋণ' ধারণাটিকেও নির্দিষ্ট করা দরকার বলে মন্তব্য করেন নোবেল বিজয়ী ইউনূস।
তিনি বলেন, "অনেক সংগঠন ঋণ দেওয়ার বিপরীতে জামানত নেয়, মধ্য আয়ের মানুষদের ঋণ দেয়, এমনকি পণ্য কেনার জন্যও ধার দিয়ে সেটাকে ক্ষুদ্রঋণ বলে।"
ইউনূস বলেন, ক্ষুদ্রঋণকে ভিত্তি ধরে গ্রামের মানুষদের জন্য দুর্যোগকালীন ও স্বাস্থ্য বীমা পদ্ধতি চালু করা সম্ভব।
গ্রাহকদের পরবর্তী প্রজন্মের প্রয়োজন মেটানোই ক্ষুদ্রঋণ ব্যবস্থার জন্য এখন নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে- মন্তব্য করেন তিনি।
ইউনূস বলেন, "আমাদের এখন ভাবতে হবে ঋণগ্রহীতাদের সন্তানরা কীভাবে দারিদ্র্য, অসুস্থতা ও অনিশ্চয়তার ছক থেকে বেরিয়ে আসবে।"
প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ইউনুসের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, গ্রামীণ মানুষের অন্যান্য বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দেওয়ার জন্য ক্ষুদ্রঋণকে ব্যবহার করা যেতে পারে।
তিনি বলেন, ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানগুলো গ্রামীণ প্রেক্ষাপট ভালো করে বুঝতে পারে।
সুদের হার কমিয়ে আনার জন্য তদারকি ব্যয় সর্বনিু পর্যায়ে নিয়ে আসার ওপরও জোর দেন উপদেষ্টা।
ক্ষুদ্রঋণের উচ্চ সুদের হার বিষয়ে ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ বলেন, অতীতে ক্ষুদ্রঋণের বেশিরভাগ অংশের মূলধন পাওয়া যেত উন্নয়ন অংশীদারদের কাছ থেকে। তবে এখন এ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যই সুদের উচ্চ হার নেওয়া হয়।
তিনি ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকিং লাইসেন্স দেওয়ার কথা ভাবতে পারে এমআরএ।
এমআরএ'র সক্ষমতা অর্জনের ওপরও জোর দেন ব্র্যাক চেয়ারম্যান।
এমআরএ আয়োজিত এ সম্মেলনে ২০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে ক্ষুদ্রঋণ বিষয়ে বিভিন্ন ধরনের সুপারিশ উঠে আসে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও এমআরএ'র প্রধান আতিউর রহমান জানান, সুপারিশগুলোর মধ্যে রয়েছে সামাজিক উন্নয়নে ক্ষুদ্রঋণের মুনাফা ব্যবহার, তদারকি ব্যয় কমানো, গ্রাহকদের জন্য কার্যকর সুদের হার নির্ধারণ, বৃহৎ আকারের ক্ষুদ্রঋণ সংস্থাগুলো নিয়ন্ত্রণ করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/কিউএইচ/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24