ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'কিছু লোক' পুঁজিবাজার নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কার্যালয়ে মঙ্গলবার অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "পুঁজিবাজার নিয়ন্ত্রণ করছে কিছু লোক। পুঁজিবাজারকে ঢেলে সাজাতে হবে।"
"বিনিয়োগকারী, ব্রোকার ও ট্রেডারদের আলাদা হওয়া উচিত," বলেন তিনি।
কবে নাগাদ ঢেলে সাজানো হবে এবং কীভাবে আলাদা করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অর্থমন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
বৈঠকে এমসিসিআই প্রতিনিধিরা কর অবকাশের সময়সীমা আরো পাঁচ বছর বাড়ানোর দাবি জানান। এছাড়া ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের অতিরিক্ত বিদ্যুৎ বাণিজ্যিকভাবে বিক্রির জন্য একটি নীতিমালা তৈরির সুপারিশ করেন।
মুহিত বলেন, "নতুন করে কোনও কর অবকাশ সুবিধা দেওয়া হবে না। অল্প হলেও কর দিতে হবে।"
ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ বিক্রির নীতিমালা প্রসঙ্গে তিনি বলেন, "এ বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারবো না।"
দারিদ্র বিমোচন কৌশলপত্র বাস্তবায়নের জন্য আইএমএফের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০২৭ ঘ.
bdnews24