২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খরচই তুলতে পারছেন না ক্ষুদ্র কৃষকরা

বাজারে দাম কমে পড়ে যাওয়ায় ফসল বিক্রি করে উৎপাদন খরচই তুলতে পারছেন না ক্ষুদ্র কৃষকরা। তাই ফসল ফেলে দিয়ে ক্ষোভের প্রকাশও ঘটাচ্ছেন অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 11:29 AM

Updated : 24 Aug 2022, 07:27 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের ক্ষুদ্র কৃষক মকবুল হোসেন প্রায় তিন মাস ধরে ফলানো পাঁচ টনেরও বেশি পাকা ও সুস্বাদু টমেটো চার দিন আগে ফেলে দেন। মকবুল বলেন, "আমি তো প্রায় দেড়শ মণ টমেটো মাঠেই রেখে এসেছি। সেগুলো পড়ে আছে।" তিনি জানান, টমেটোর বাজার দর কমে যাওয়ায় ক্ষেত থেকে স্থানীয় মার্কেটে নিয়ে যাওয়ার জন্য পরিবহন খরচটুকুও উঠে আসে না ফসল বিক্রি করে। বৃহস্পতিবার 'ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড' শীর্ষক তিন দিনব্যাপী সিম্পেজিয়ামের দ্বিতীয় দিনে এ কথা বলেন ৬০ বছর বয়সী মকবুল। ২০০টি জাতীয়, স্থানীয় ও তৃণমূল পর্যায়ের বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় প্রেসক্লাবে। সিম্পোজিয়ামে নবীন সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকারের ক্রয় নীতিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি সব্জি কেনার ব্যবস্থা থাকলেই মকবুলের মতো কৃষকরা সহযোগিতা পেতে পারে। বর্তমান নীতিতে শুধু ধান ও গম সরাসরি চাষীদের কাছ থেকে কেনা হয়। তবে দেশের ছয়টি জেলার ছয়টি গ্রামের ওপর এক পর্যবেক্ষণে দেখা গিয়েছে, ক্রয় কর্মকর্তারা ধনী কৃষকদের সঙ্গে চুক্তির মাধ্যমে ফসল কিনে থাকেন। ফলে প্রান্তিক কৃষকরা এ ব্যবস্থার সুফল থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টের সাবেক পরিচালক (বার্ড) মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, সাধারণত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরকারি মানদণ্ড ধরে রাখতে পারেন না বলে কারণ দেখান কর্মকর্তারা। পলক বলেন, সরকার খুব সহজেই শুধু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকেই ফসল ক্রয় করার নীতি গ্রহণ করতে পারে। আরেকটি উপস্থাপনায় জানানো হয়, ক্ষুদ্র কৃষকদের খোলা বাজারে যাওয়ার সুযোগ কম। ফলে ন্যায্য মূল্য পাওয়ার সুযোগও কম তাদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মি বলেন, "ন্যায্য মূল্য বলতে বোঝায় এমন একটি মূল্য যা কৃষকের এবং তার পরিবারের প্রয়োজন মেটাবে। তাদের বেঁচে থাকার মৌলিক চাহিদা মেটাতে সক্ষম যে মূল্য, তাকেই ন্যায্য মূল্য বলে মনে করি আমি।" রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন বলেন, কৃষকদের খোলা বাজারে যাওয়ার সুযোগ ব্যাপক আকারে ও কার্যকরভাবে বাড়াতে হবে। তবে একটি সমন্বিত কৃষিনীতি ছাড়া এটি করা সম্ভব নয়। এতে একমত প্রকাশ করে সংসদ সদস্য পলক বলেন, কৃষকদের মুক্তি ছাড়া অর্থনৈতিক প্রগতি ও উন্নয়ন বাস্তবে সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/কিউএইচ/এমআই/১৫২০ ঘ.