ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থবছরের প্রথম ছয় মাসে বাজেট বাস্তবায়নের গতিতে সন্তোষ প্রকাশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ রয়েছে তার।
অর্থমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "ছয় মাসে বাজেট বাস্তবায়ন পারফরমেন্স দেশের ইতিহাসে সবচেয়ে ভালো।"
জুলাই-ডিসেম্বর পর্যন্ত বাজেট বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন আগামী আগামী ১৬ মার্চ সংসদে জানানো হবে বলে জানান তিনি।
এ সময়ে উদ্বেগের বিষয় কী- জানতে চাওয়া হলে মুহিত বলেন, "উদ্বেগের বিষয় তো রয়েছেই। পিপিপি প্রগ্রেস কম, মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে।"
বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে গত ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (আগের বছরের একই মাসের তুলনায়) মূল্যস্ফীতি ৮ দশমিক ৫১ শতাংশ। যা গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
মূল্যস্ফীতি দুই অঙ্কের কোঠা ছাড়িয়ে যাবে বলে বেশ কিছুদিন ধরে দাতা সংস্থাগুলো সতর্ক করে আসছে।
বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এর আগে হতাশা প্রকাশ করলেও মুহিত এখন বলছেন, বিনিয়োগ নিয়ে আমরা আশান্বিত। রপ্তানি আদেশ ও রাজস্ব আদায় ভালো বলেও জানান তিনি।
তিনি বলেন, "অভ্যন্তরীণ চাহিদা ভালো, কৃষি উৎপাদন ভালো। এছাড়া বিনিয়োগের দিকেও লোক যাচ্ছে। তবে মূলস্ফীতি নিয়ে সতর্ক হতে হবে।"
জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন মুহিত।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরই অর্থমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের কথা হয়।
চলতি বাজেটে বেশ কয়েকটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও আগামী বাজেটে সে সুযোগ রাখতে চান না অর্থমন্ত্রী।
তিনি বলেন, "কালো টাকা সাদা করার সুযোগ আর দিতে চাই না। তবে যারা বিনিয়োগ করবে তাদের বিষয়টি ভেবে দেখতে হবে।"
ডিসিসিআই রাজস্ব বাড়ানোর ওপর জোর দিয়েছেন বলে মন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৪২৫ ঘ.
bdnews24