রোহান জিয়াদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পুঁজিবাজার প্রতিবেদক
ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অযাচিত হস্তক্ষেপের কারণেই পুঁজিবাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
মিউচুয়াল ফান্ড অপারেটর ইয়াওয়ের সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ সংস্থার সার্বক্ষণিক হস্তক্ষেপের কারণে সাধারণ বিনিয়োগকারীরা দ্বিধাগ্রস্ত।"
সোমবার দেশের প্রধান পুঁজিবাজারে আগের দিনের তুলনায় দুই শতাংশ সূচক পড়ে যায়।
গত ২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ ১৬৯২ কোটি টাকার লেনদেন হয়েছিল। এর মাত্র ২৫ কার্যদিবসের মাথায় মঙ্গলবার লেনদেনের এ অঙ্ক ছিল ৬২৯ কোটি টাকা। এ হিসাবে এ সময় লেনদন কমেছে ৩৭ শতাংশ।
সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড নির্বাচনের ওপর নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ সম্পূর্ণ 'অযৌক্তিক' বলে অভিমত বিশেষজ্ঞদের।
১৪ ফেব্রুয়ারি এসইসি-র এক আদেশে বলা হয়, নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ন্যূনতম পাঁচ দিন আগে এসইসির কাছ থেকে অনাপত্তিপত্র নিতে হবে।
ওই আদেশের ফলে ডিএসই নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়। নতুন তফসিল অনুযায়ী ২১ মার্চ হবে নির্বাচন।
আগের তফসিল অনুযায়ী ৩ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মনোনয়নপত্র জমা দেওয়র সময়সীমা ছিল ১৫ ফেব্রুয়ারি।
বাজার পর্যবেক্ষক জায়েদ বখত এর মতে এসইসি'র এ ধরনের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পাবলিক লিমিটেড কম্পানি হিসেবে ডিএসই বিভিন্ন প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তিকরণ, বাজার পরিচালনা এবং শেয়ার লেনদেনের দায়-দায়িত্ব এ প্রতিষ্ঠানেরই।
বিআইডিএস'র গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, "এটি একটি কম্পানির পরিচালনা কার্যক্রমেরওপর হস্তক্ষেপের সামিল এবং এর মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা নিশ্চিত হয় না।"
অথচ আইনে বলা আছে, বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় ও বাজার উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থা সংশ্লিষ্ট সবার বিষয়ে ব্যবস্থা নিতে পারবে।
অভিযোগ আছে, এসইসি'র নির্দেশনায় ডিএসই'র বর্তমান সভাপতি রকিবুর রহমানের নেপথ্য ভূমিকা রয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার কারণে বর্তমান ডিএসই বোর্ড তাদের নির্বাচন স্থগিত এবং নতুন তফসিল ঘোষণা করে। পরবর্তিতে ১৩ জন ডিএসই সদস্য এসইসি'র অনাপত্তিপত্রের জন্যও আবেদন করে।
এদের মধ্যে সাবেক ডিএসই সভাপতি আহমেদ ইকবাল হাসান, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালি ও আনোয়ার হোসেন ছাড়া বাকি ১০ জনকে ৩ মার্চ অনাপত্তিপত্র দেওয়া হয়।
এসব বিষয়ে কথা বলতে বারবার এসইসি'র চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কমিশনের কোনো সদস্যও এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহমেদ রশিদ লালি বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাজারের ওপর প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, "ডিএসই নির্বাচনের একজন প্রার্থী হিসাবে আমাকে কেন অনাপত্তিপত্র দেওয়া হলো না তা জানার অধিকার আমার আছে।"
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সবক্ষেত্রেই স্বচ্ছ্বতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানান তিনি।
কয়েকটি সূত্র থেকে জানা গেছে, ওই তিন জনকে অনাপত্তিপত্র না দেওয়ার বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে এ সংক্রান্ত বৈঠকে এসইসি প্রধান বলেছেন, ঊর্ধ্বতন মহল থেকে নির্দেশনা রয়েছে বলে এটি করতেই হবে।
২০০৯ সালের মে মাসে বর্তমান এসইসি প্রধান দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময় নির্দেশনা জারি এবং তা প্রত্যাহারের নিয়মিত ঘটনা দেখা যায়।
ওই বছরের নভেম্বরে এই নিয়ন্ত্রক সংস্থা আইপিও ছাড়ার ব্যাপারে একটি নির্দেশনা দেয়। ওই নির্দেশনা অনুযায়ী আইপিও'র আবেদন ফি সরাসরি আবেদনকারীর ব্যাংক হিসাবে পাঠিয়ে দিতে বলা হয়।
তবে ওই নির্দেশনার পরও গোল্ডেন সন কম্পানির আইপিও'র জন্য আবেদনকারীদের একটি বড় অংশ গত চার মাসেও তাদের ফেরতযোগ্য ফি পায়নি। এছাড়াও কয়েকটি মিউচুয়াল ফান্ডের আইপিও'র ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
সর্বশেষ নিয়ন্ত্রক সংস্থা আবেদনকারীর ইচ্ছানুযায়ী ফি ফেরত দেওয়ার নির্দেশনা জারি করেছে।
এছাড়া মিউচুয়াল ফান্ড রাইটস বা বোনাস লভ্যাংশ ঘোষণা করতে পারবে না- মর্মে নিয়ন্ত্রক সংস্থা সংশ্লিষ্ট বিধিমালায় যে সংশোধনী এনেছিল তা হাইকোর্ট অবৈধ ঘোষণা করে দেয়। এর ফলে মিউচুয়াল ফান্ডগুলোর রাইটস বা বোনাস দেওয়ার পথ খুলে যায়।
তবে ওই রায়ের পর এসইসি'র আপিল করার ঘোষণার ফলে মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম পড়তে শুরু করে।
মার্জিন লোনের বিষয়েও নিয়ন্ত্রককে দ্বিধাগ্রস্ত দেখা গেছে। গতবছরের অক্টোর থেকে চলতি বছরের ফেব্র"য়ারি পর্যন্ত এ বিষয়ে ছয়বার বিভিন্ন সিদ্ধান্ত দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জিএনএ/২২৫১ ঘ.
bdnews24