ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীবাহী স্টিমার সার্ভিসে গত আট বছরে কোনো লাভ করতে পারেনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি)।
সোমবার নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান জাতীয় সংসদে এ তথ্য জানান। এ সময়ে প্রায় একশ ১৬ কোটি টাকা লোকসান হয়েছে জানান তিনি।
নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিআইডব্লিউটিএ-এর কোনো স্টিমার নেই।
বিআইডব্লিউটিসি'র স্টিমারগুলো ২০০০-২০০১ থেকে ২০০৭-২০০৮ সাল পর্যন্ত১'শ১৫ কোটি ৯৬ লাখ ৭২ হাজার টাকা লোকসান করেছে জানান তিনি।
তিনি বলেন, "যাত্রীবাহী সার্ভিসে লোকসান হলেও ফেরি সার্ভিসের লাভ থেকে এ লোকসান সমন্বয় করে বিআইডব্লিউটিসি প্রতিবছর নিট লাভ করে আসছে।"
শাহজাহান খান জানান, ২০০০-০১ থেকে ২০০৭-০৮ অর্থবছরে পর্যায়ক্রমে ৯২৫.২২ লাখ টাকা, ১০৪৪.০২ লাখ টাকা, ১৩২৬.৪০ লাখ টাকা, ১৩৪৯.৮৯ লাখ টাকা, ১৩৫২.৪০ লাখ টাকা, ১৪৭০.৭০ লাখ টাকা, ১৮৫৮.৭৯ লাখ টাকা এবং ২২৬৯.৩০ লাখ টাকা লোকসান হয়েছে।
বিকাল ৫টা ১০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রথমেই তিনি দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয় বলে জানান।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা মওদুদ আহমদের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরাও অধিবেশনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/১৯৩৭ ঘ.
bdnews24