ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে গরীব এন্ড গরীব কোম্পানী লিমিটেডে শ্বাসরুদ্ধ হয়ে নিহত ২১ শ্রমিকের প্রত্যেকের আত্মীয়কে দুই লাখ টাকার চেক দিয়েছে বিজিএমইএ।
রোববার বিজিএমইএ'র এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজিএমইএ কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
গত ৫ ফেব্র"য়ারি গরীব এন্ড গরীব কোম্পানীতে আগুনে শ্বাসরুদ্ধ হয়ে ২১ শ্রমিক মারা যান।
শ্রমিকদের আত্মীয়দের হাতে চেক তুলে দেন কর্মসংস্থানমন্ত্রী। অল্প সময়ের মধ্যে গরীব এন্ড গরীব কোম্পানীর শ্রমিকদের বিজিএমইএ'র পক্ষ থেকে চেক দেওয়ায় তিনি বিজিএমইএকে ধন্যবাদ দেন।
মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিল্প, স্বাস্থ্য ও নিরাপত্তা কাউন্সিল অবিলম্বের সক্রিয় করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, "পোশাক শিল্পের শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানের জন্য ডরমিটরি নির্মাণের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।"
বর্তমান সরকারের মেয়াদে গার্মেন্ট পল্লী স্থাপনের চেষ্টা হবে বলেও জানান তিনি।
বিজিএমইএ সভাপতি তার বক্তব্যে শ্রমিকদের কল্যাণে বিজিএমইএ যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তা উপস্থাপন করেন।
পোশাক শিল্প ও শ্রমিকদের স্বার্থে গাজীপুরে ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি করার ব্যাপারে কর্মসংস্থানমন্ত্রীকে অনুরোধ করেন বিজিএমইএ সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২০২৭ ঘ.
bdnews24