বেনাপোল, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পেট্রাপোল স্থলবন্দরে দুই দল শ্রমিকের সংঘর্ষের জেরে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বন্দরের পণ্য আমদানি ও রপ্তানি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। সংঘর্ষের ঘটনায় সকাল থেকে পেট্রাপোলের শ্রমিকরা কাজ বন্ধ করে দিলে এ অচলাবস্থার সৃষ্টি হয়।
আধিপত্য বিস্তার নিয়ে তৃণমুল কংগ্রেস ও কংগ্রেস সমর্থক শ্রমিকদের মধ্যে সংষর্ষের পর শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় বলে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্তিক চক্রবর্তী।
তিনি জানান, দুই পক্ষের বিরোধ মীমাংসার চেষ্টা চলছে। বিরোধী মিটে গেলে বন্দরের কাজ শুরু হবে। তবে কখন কাজ শুরু হবে সেটা নিশ্চিত করে বলতে পারেননি কার্তিক চক্রবর্তী।
বেনাপোল চেকপোষ্টের কার্গো শাখার সুপার এম এ হামিদ জানান, ভোর ৬টা থেকে এখন পর্যন্তপেট্রাপোল বন্দর দিয়ে কোনো ধরনের পণ্য বেনাপোলে প্রবেশ করেনি। বেনাপোল থেকেও পেট্রাপোল বন্দরে পণ্যবাহী কোনো ট্রাক যায়নি।
শুল্ক বিভাগের কাজকর্ম হয়েছে। তবে পণ্য আমাদনি ও রপ্তানি হয়নি বলে জানিয়েছেন বেনাপোল শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার আজিজুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯০৪ ঘ.
bdnews24