চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে শুক্রবার শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলা শুক্রবার বিকালে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম চেম্বার আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়ে বলা হয়, মেলা শুক্রবার উদ্বোধন হলেও এতে রোববার থেকে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন।
এবার মেলার অষ্টাদশ আয়োজনে ৩৬টি প্যাভিলিয়ানসহ মোট ২৬৩টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর 'পার্টনার কান্ট্রি' থাইল্যান্ড। এছাড়া ভারত, পাকিস্তান, তুরস্ক ও চীনের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেম্বারের পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান এস এম আবু তৈয়্যব এ মেলাকে প্যাভিলিয়ান ও স্টলের বিবেচনায় বেসরকারি খাতের বৃহত্তম বাণিজ্য মেলা হিসেবে দাবি করেন।
তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত যে কেউ ১০ টাকা দর্শনীর বিনিময়ে মেলায় ঢুকতে পারবেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করবে।
দর্শনার্থীদের আর্থিক লেনদেনের সুবিধার্থে মেলা প্রাঙ্গণে এক্সিম ব্যাংকের একটি বুথ স্থাপন করা হবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বারের সভাপতি এম এ লতিফ, প্রথম সহ-সভাপতি এম এ ছালাম, সহ-সভাপতি শফিউল হকসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি লুৎফুল হাই সাচ্চু।
অতিথি হিসেবে থাকবেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি, মঈন উদ্দিন খান বাদল, মাহজাবীন মোরশেদ, আইসিসিবি'র সভাপতি মাহবুবুর রহমান ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি'র চেয়ারম্যান মোরশেদ আলম।
সংবাদ সম্মেলনে চেম্বার সভাপতি এ মেলার জন্য স্থায়ী জায়গা বন্দোবস্তের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমআই/১৮০৬ ঘ.
bdnews24