চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুক্রবার শুরু হচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি এ মেলার আয়োজন করছে।
চট্টগ্রাম চেম্বারের সচিব ওসমান গণি চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী শুক্রবার বিকালে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলার উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লুৎফুল হাই সাচ্চু। আরো থাকবেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি, মাঈনুদ্দিন খান বাদল ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, থাইল্যান্ড এবারের মেলার 'পার্টনার কান্ট্রি'।
এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, ইরান ও চীনের প্রতিষ্ঠান অংশ নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/২০৪১ ঘ.
bdnews24