২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যপ্রযুক্তিতে প্রণোদনা দেবে সরকার

সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে প্রণোদনা ও নীতি সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2010, 10:36 AM

Updated : 24 Aug 2022, 06:43 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে প্রণোদনা ও নীতি সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য অবকাঠামো প্রয়োজন। অবকাঠামো তৈরিতে সরকার নীতি ও প্রণোদনা সহায়তা দেবে।" বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সফটএক্সপো-২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় অর্থমন্ত্রী বাংলাদেশকে 'ডিজিটাল' করার ক্ষেত্রে তিনটি চ্যালেঞ্জের কথা বলেন। তিনি বলেন, "আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি, অভ্যন্তরীণ বাজারে সফটওয়্যারের চাহিদা এবং যুব সমাজের কমিটমেন্ট ও লয়্যালটি। "আমাদের যুব সমাজের মধ্যে প্রচুর আগ্রহ দেখি। কিন্তু তাদের মধ্যে কমিটমেন্ট টু ইনস্টিটিউশন এবং লয়্যালটি টু ইনস্টিটিউশনের অভাব আছে। এটা বাড়াতে হবে।" মুহিত এ সময় তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিগত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ভূমিকার কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়ার কমিটমেন্ট কোনো মন্ত্রীর দেওয়া নয়। এটা প্রধানমন্ত্রীর কমিটমেন্ট। তাই সরকার এ খাতের উন্নয়নে সব ধরনের সহায়তা করবে।" তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, "আমার মনে হয়, একটি জেলাকে ডিজিটাল ডিস্ট্রিক্ট ঘোষণা করা উচিত। এর ফলে ডিজিটাল বাংলাদেশ বলতে আমরা কী বোঝাচ্ছি তা ওই জেলা দেখে বোঝা যাবে।" "আইসিটি ইনকিউবেটরকে আমরা আইসিটি পার্ক ঘোষণা করবো এবং তা অন্য জায়গায় নিয়ে যাবো", বলেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে অবস্থিত আইসিটি ইনকিউবেটর। অনুষ্ঠানে দেশের সফটওয়্যার শিল্পের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি আনিসুল হক। তিনি বলেন, "বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অনেক উদ্যোক্তা রয়েছেন। কিন্তু তাদের ৯৫ শতাংশই স্ট্রাগল করছেন। এখাতে দক্ষ প্রকৌশলী ও আইটি পার্ক দরকার। এছাড়া নতুন উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজ করতে হবে।" বাণিজ্যমন্ত্রী ফারুক খান সরকারের সহায়তা বাড়ানোর কথা জানিয়ে বলেন, "আইসিটিতে অর্থায়নের জন্য উদ্যোক্তা ও সমমূলধন তহবিলে (ইইএফ) ২০০ কোটি টাকা বরাদ্দ আছে। সরকার আরো ১০০ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছে।" ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশ থেকে ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের সফটওয়ার রপ্তানি হয়েছে। চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮ মিলিয়ন ডলার। সরকারের সহায়তা পেলে 'শিগগিরই' ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সফটওয়্যার রপ্তানি সম্ভব হবে বলে জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি হাবিবুল্লাহ এন করিম। বেসিস আয়োজিত পাঁচ দিনব্যাপী এ মেলায় ৫৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ মেলার মাধ্যমে ক্রেতা-দর্শকদের কাছে বাংলাদেশের সফটওয়্যারের উন্নয়ন ও সম্ভাবনার চিত্র তুলে ধরা সম্ভব হবে বলে মনে করছেন আয়োজকরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। প্রবেশ মূল্য জনপ্রতি ২০ টাকা। তবে শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় যেতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/জিএনএ/১৬৩৪ ঘ.