ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের জন্য ৪৮ লাখ টন জ্বালানি তেল আমদানির জন্য কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে সরকার।
চলতি বছর ৩৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হলেও চাহিদা বেড়ে যাওয়ায় আগামী বছরের জন্য এর পরিমাণ বাড়ানো হচ্ছে।
বিপিসি চেয়ারম্যান আনোয়ারুল করিম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফিলিপাইন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার কিছু নতুন বিক্রেতা বাংলাদেশে তেল বিক্রির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
"সরকার এখন প্রিমিয়াম রেট নির্ধারণের জন্য আলোচনা করছে। এর নিষ্পত্তি হলে চূড়ান্ত চুক্তি করা হবে", বলেন তিনি।
রাষ্ট্রায়াত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) পরিশোধিত ও অপরিশোধিত উভয় ধরনের জ্বালানি তেলই আমদানি করে থাকে।
অপরিশোধিত তেল ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এ শোধন করা হয়। এসব তেলের মধ্যে রয়েছে- ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন ও ফার্নেস অয়েল।
বাংলাদেশকে সবচেয়ে বেশি তেল সরবরাহ করে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) ও মালয়েশিয়াভিত্তিক পেট্রোনাস। দুটি কোম্পানির কাছ থেকে ঢাকা ২০ লাখ টনেরও বেশি জ্বালানি তেল কেনা হয়।
আনোয়ার বলেন, "আমরা ওই তেল ২০ বছরের কম পুরনো ট্যাংকারে করে পাঠানোর জন্য কেপিসির সঙ্গে আলোচনা করছি। কিন্তু কুয়েতি কোম্পানিটি ২৫ বছরের কম পুরনো ট্যাংকারে করে পাঠাতে চাচ্ছে।"
"এর আগে কোম্পানিটি ২০ বছরের কম পুরনো ট্যাংকারে করে তেল পাঠিয়ে আসছিলো, কিন্তু গত বছর সরকার এ বিধান শিথিল করে কেপিসিকে ২৫ বছরের কম পুরনো ট্যাংকারে করে পাঠানোর অনুমোদন দেয়। কিন্তু আমরা এখন পুরনো ব্যবস্থায় ফিরতে চাই।"
ঝুঁকিপূর্ণ হলেও খরচ কম হওয়ার কারণে অধিকাংশ কোম্পানি ২০ বছরের কম পুরনো ট্যাংকারে করে জ্বালানি তেল পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআর/জেবি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24