২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্ষুদ্রঋণ আইনের আওতা' নিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যাখ্যা

গ্রামীণ ব্যাংকের কার্যক্রম কেন ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ আইনের (২০০৬) আওতায় পরিচালিত হচ্ছে না সে বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে গ্রামীণ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 01:38 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের কার্যক্রম কেন ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ আইনের (২০০৬) আওতায় পরিচালিত হচ্ছে না সে বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে গ্রামীণ ব্যাংক। ব্যাংকটির ব্যাখ্যায় বলা হয়েছে, কোন্ কোন্ প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) অধীনে নিবন্ধিত হতে হবে তা ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ আইনে (২০০৬) উল্লেখ করা রয়েছে। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম কেন ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণ আইনের আওতায় পরিচালিত হচ্ছে না সে বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আহম মোস্তফা কামাল। শনিবার এক ই-মেইলে গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমের স্বাক্ষর করা ব্যাখ্যায় বলা হয়, "যেসব প্রতিষ্ঠান সোসাইটিজ রেজিস্ট্রেশন আইন (১৮৬০), ট্রাস্ট আইন (১৮৮২), স্বেচ্ছাসেবামূলক সামাজিক সংগঠন আইন (১৯৬১), সমবায় সমিতি আইন (২০০১) এবং কোম্পানি আইনে (১৯৯৪) প্রতিষ্ঠিত হয়েছে সেগুলোকে এমআরএ'র অধীনে নিবন্ধিত হতে হবে।" "যে সব আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এমআরএ'র কাছে নিবন্ধিত হওয়ার কথা গ্রামীণ ব্যাংক সেসব আইনের কোনোটিতে পড়ে না" উল্লেখ করে ব্যাখ্যায় বলা হয়েছে, "তাই এমআরএ'র অধীনে গ্রামীণ ব্যাংকের নিবন্ধিত হওয়ার প্রয়োজন নেই।" "গ্রামীণ ব্যাংক ১৯৮৩ সালে সরকারি অধ্যাদেশের মাধ্যমে একটি বিশেষায়িত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত। গ্রামীণ ব্যাংকের আইন অনুসারে গ্রামীণ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আওতায় কার্যক্রম পরিচালনা করছে।" বৃহস্পতিবার সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কামাল জানান, সংসদীয় কমিটি মনে করে দেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সঠিকভাবে নিয়ন্ত্রিত হওয়া উচিত। "কমিটি মনে করে, এই খাত নিয়ন্ত্রণে বিদ্যমান এমআরএ (মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি) নীতিমালাগুলো দুর্বল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/১৯১৭ ঘ.