২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেঁয়াজের দাম: পাইকাররা দুষছে খুচরা বিক্রেতাদের

পেঁয়াজের দামের আকস্মিক বেড়ে যাওয়ার জন্য খুচরা বিক্রেতাদের দায়ী করেছে পাইকারি ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 11:59 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেঁয়াজের দামের আকস্মিক বেড়ে যাওয়ার জন্য খুচরা বিক্রেতাদের দায়ী করেছে পাইকারি ব্যবসায়ীরা। আর সরকারি কর্মকর্তারা মনে করছেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় তার প্রভাব দেশে পড়েছে। যা ঠিক হতে কিছুটা সময় লাগবে। ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় গত তিন দিনে হঠাৎ করেই দেশের বাজারে এর দাম প্রতি কেজিতে ২০ টাকার মতো বেড়ে যায়। রাজধানীর বাজারে বুধবার ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হওয়া প্রতি কেজি পেঁয়াজ শুক্রবার ৬০ থেকে ৭৫ টাকা পর্যন্ত দরে বিক্রি হতে দেখা যায়। খুচরা বিক্রেতারা বলছেন, ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাজারে সরবরাহ কম বলে বেশি দামে তাদের কিনতে হচ্ছে। তাই বাজারে দাম বেড়েছে। ভারতে উৎপাদন কম হওয়ায় পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা এ খাদ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে। তবে পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, খুচরা বিক্রেতারা পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে তুলেছে। শ্যমবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সরদার ট্রেডার্সের মালিক মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা গত এক সপ্তাহ ধরে প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি করছি। কিন্তু খুচরা ব্যবসায়ীরা আগে কেনা পেঁয়াজই বেশি দামে বিক্রি করছে।" বাণিজ্য সচিব গোলাম হোসেন মনে করছেন, পেঁয়াজের দাম কমতে সময় লাগবে। তিনি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতের রপ্তানির বন্ধের সিদ্ধান্তের প্রভাব পড়েছে। বাজার স্থিতিশীল হতে সময় লাগবে।" আমদানি নির্ভর দেশ হওয়ার কারণেই এ সমস্যা হচ্ছে বলে জানান তিনি। সংশ্লিষ্টরা জানায়, দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। তা পুরোপুরি উঠলে বাজার কিছুটা সহনীয় হবে। বাজার চিত্র চাল, আটা ও ভোজ্যতেলসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম গত এক সপ্তাহে বেড়েছে। খুচরা বাজারে ৩৪ টাকার কমে এক কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে না। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, শুক্রবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল (স্বর্ণা/ইরি) বিক্রি হয়েছে ৩৪ থেকে ৩৬ টাকায়। গত একমাসে দাম বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। সরু চাল বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৫০ টাকায়। গত একমাসে দাম বেড়েছে ৪ দশমিক ৭৬ শতাংশ। মাঝারি চাল বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪১ টাকায়। গত একমাসে দাম বেড়েছে ৬ দশমিক ৭৬ শতাংশ। বাজার নিয়ন্ত্রণে শনিবার থেকে ঢাকা মহানগর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও সাভার এলাকায় শুরু হচ্ছে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস)। প্রতি কেজি চাল বিক্রি হবে ২৪ টাকায়। পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলাতে ওএমএস চালু হবে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহম্মদ হোসেন। তিনি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ওএমএস চলবে। এছাড়া ১১ লাখ ২০ হাজার ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে ১ জানুয়ারি থেকে ২৪ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হচ্ছে।" টিসিবির হিসাবে, প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৪ টাকায়। গত একমাসে এ পণ্যের দাম বাড়ার হার ৮ দশমিক ২০ শতাংশ। সরকার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। গত বুধবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সরকার চট্টগ্রাম ছাড়া সারাদেশে প্রতি লিটার খোলা সয়াবিন তেল সর্বোচ্চ ৯০ টাকা এবং বোতলজাত সয়াবিন ১০১ টাকা ২০ পয়সা নির্ধারণ করে দেয়। কিন্তু খুচরা বাজারে এ দামে তেল পাওয়া যাচ্ছে না। রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ৯৮ টাকায় এবং বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১০৪ থেকে ১০৭ টাকায়। তবে বাণিজ্য সচিব গোলাম হোসেন বলেন, ব্যবসায়ীদের সঙ্গে শিগগিরই বৈঠক করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কমানোর বিষয়ে 'নৈতিক' উৎসাহ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএসজেড/কেটি/এমআই/১৮০০ ঘ.