ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ দিনের জন্য ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেল চট্টগ্রামে সর্বোচ্চ খুচরা দাম ৮৯ টাকা এবং দেশের অন্যান্য স্থানের জন্য ৯০ টাকা করা হয়েছে।
ঢাকায় মিলগেটে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৮৮ টাকা এবং চট্টগ্রামে ৮৭ টাকা।
চট্টগ্রামসহ সারাদেশে এক ও দুই লিটারের বোতলের সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে মিলগেটের দামের চেয়ে ১৫ শতাংশ বেশি। পাঁচ লিটারের বোতলের ক্ষেত্রে এ দামের সঙ্গে বোতলের দামও যুক্ত হবে।
অর্থাৎ চট্টগ্রামে এক লিটারের দাম হবে ১০০.০৫ টাকা ও সারাদেশে হবে ১০১.২০ টাকা।
সারাদেশে প্রতিলিটার পাম ওয়েলের সর্বোচ্চ খুচরা মূল্য ধরা হয়েছে ৮৬ টাকা, চট্টগ্রামে ৮৫ টাকা। ঢাকা ও চট্টগ্রামে মিলগেটে প্রতি লিটারের দাম হবে যথাক্রমে ৮৪ ও ৮৩ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ে ট্যারিফ কমিশন চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এফবিসিসিআই সভাপতি একে আজাদ।
তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েই চলেছে। তাই তেলের দাম পুনর্নির্ধারণ করা প্রয়োজন হয়ে পড়েছে।"
এর আগে গত ৫ ডিসেম্বর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ভোজ্যতেলের দাম নির্ধারণ করে সরকার।
ওই দিন চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪ টাকা এবং সারাদেশের জন্য ৮৬ টাকা করা হয়। মিলগেটে ঢাকার জন্য ৮৩ টাকা এবং চট্টগ্রামের জন্য ৮১ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া বোতলজাত তেলের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা মূল্য খোলা তেলের দামের চেয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত বেশি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে এ সব সিদ্ধান্তের কোনোটিই পুরোপুরি কার্যকর হয়নি।
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, বুধবার ঢাকার খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ৯২ থেকে ৯৫ টাকায় এবং পাম তেল বিক্রি হয়েছে ৮১ থেকে ৮৩ টাকায়।
এ বিষয়ে ভোজ্যতেল পরিশোধনকারী ও ব্যবসায়ীদের দায়ী করে বাণিজ্য সচিব গোলাম হোসেন গত সোমবার সাংবাদিকদের বলেন, "বোতলজাত তেলের ক্ষেত্রে তারা মূল্য তালিকা মেনেছেন। কিন্তু খোলা তেলের ক্ষেত্রে আংশিক মেনেছেন।"
গত ৫ ডিসেম্বর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী ফারুক খান জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ওঠানামা করে। তাই স্থানীয় বাজারে দাম নির্ধারণ করার লক্ষ্যে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, ওই কমিটি প্রতি মাসে বৈঠক করে ভোজ্যতেলের দাম নির্ধারণ করবে। তবে প্রথম বৈঠকটি হবে ১৫ দিন পর।
গত সোমবার ওই কমিটি বৈঠক করে তেলের দাম পুনর্নির্ধারণ করতে ব্যর্থ হয়। পরে বুধবার আবারো বৈঠক বসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/জেবি/পিডি/১৮৪৪ ঘ.
bdnews24