২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

রেকর্ড দরপতনের পরদিন সোমবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 09:55 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেকর্ড দরপতনের পরদিন সোমবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজার। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক ৩০৪ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭৯৫৯ দশমিক ২৭ পয়েন্টে। সোমবার ২৪৫টি শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির। রোববারের চেয়ে এদিন লেনদেন কমেছে ২৭ কোটি টাকা। মোট লেনদেন হয় ১ হাজার ৪৬৯ কোটি টাকার শেয়ারের। সোমবার ঢাকার পুঁজিবাজারের সবগুলো খাতেই শেয়ারের দাম বেড়েছে। শুধু মিউচুয়াল ফান্ডগুলোতে মিশ্র অবস্থা দেখা যায়। গ্রামীণফোনের শেয়ার লেনদেন 'হল্ট': পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) রোববার গ্রামীণফোনের শেয়ারকে স্পট মার্কেট থেকে মূল বাজারে তুলে নিয়ে আসার যে সিদ্ধান্ত নিয়েছিলো তার ফলে সোমবার লেনদেনের শুরুতেই বাজারে এই শেয়ারের ব্যাপক চাহিদা লক্ষ করা যায়। প্রথম আধা ঘণ্টায় শেয়ারটির দাম ২০ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৪৯ টাকা ৮০ পয়সায়। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির কারণে পুঁজিবাজারের সার্কিট ব্রেকার কার্যকর হওয়ায় শেয়ারটির লেনদেন স্বয়ংক্রিয়ভাবে 'হল্ট' হয়ে যায় তাৎক্ষণিকভাবে। মঙ্গলবার শেয়ারটির লেনদেন স্বাভাবিকভাবেই চলবে। দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেবে এসইসি: এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার সোমবার সাংবাদিকদের জানান, নিয়ন্ত্রণ সংস্থার ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের ফলে বাজারে কিছু সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, "বাজারের স্বার্থে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। কিন্তু সেগুলোর কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে। এসইসি এই সমস্যাগুলো থেকে উত্তরণে দীর্ঘমেয়দী পদক্ষেপ নেবে।" "বাজারে তারল্য বৃদ্ধির জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যৌথভাবে কাজ করছি।" রোববার ব্যাপক দরপতনের পর এসইসি চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। সেখানে তিনি তারল্য প্রবাহের সঙ্কট কাটানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। মার্জিন লোন দিতে নারাজ মার্চেন্ট ব্যাংকগুলো: এসইসি রোববার মার্জিন লোন বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছিলো তা কোনো মার্চেন্ট ব্যাংকই অনুসরণ করছে না বলে অভিযোগ করেছেন বিনিয়োগকারীরা। রোববার মার্জিন ঋণের অনুপাত বাড়িয়ে এক অনুপাত এক দশমিক পাঁচ করে এসইসি। এতে একজন বিনিয়োগকারী ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলো থেকে পুঁজিবাজারে তার বিনিয়োগের দেড় গুণ ঋণ নিতে পারবেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি মার্চেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংকের ব্যবস্থাপনার সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা নতুন বর্ধিত হরে মার্জিন ঋণ দিতে পারছেন না। "এসইসি অনুপাত বাড়ালেও ব্যাংকের হাতে প্রয়োজনীয় তারল্য নেই। এছাড়া বছরের শেষ মাস হওয়ার কারণে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ১০ ভাগ এক্সপোজার সমন্বয় করা হচ্ছে।" বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো মোট বিনিয়োগের ১০ ভাগের বেশি শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে না। বছরের শেষ ভাগে ব্যাংকগুলো পুঁজিবাজারে তাদের বাড়তি বিনিয়োগ সমন্বয় করে থাকে। ডিএসইতে সোমবার লেনদেন শুরু হওয়ার প্রথম ১০ মিনিটেই মূল্যসূচক বেড়ে যায় ৪২৫ পয়েন্ট। তবে পরবর্তীতে তা নামতে শুরু করে। বেলা ১১টা ৫৫ মিনিটে মূল্যসূচক ২৪৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭,৯০১ দশমিক ৮৫, যা গতদিনের চেয়ে ৩ দশমিক ২৩ শতাংশ বেশি। এ সময় পর্যন্ত লেনদেন হয় ২৩৮টি কম্পানির শেয়ার। তার মধ্যে দাম বাড়ে ২১৮টির, কমে ১৫টির এবং অপরিবর্তিত থাকে ৫টির। লেনদেন হয় ৫৮১ কোটি টাকার। ঢাকার পুঁজিবাজারে গত ১২ ডিসেম্বরের চেয়েও বড় ধস দেখা দেয় রোববার। এক দিনে সাধারণ সূচকে সর্বোচ্চ পতনে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। এদিন প্রায় সব শেয়ারের দাম কমলেও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ বড়ে। রোববার বেলা ৩টায় লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক দাঁড়ায় ৭৬৫৪ দশমিক ৪০ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৫৫১ পয়েন্ট কম। গত ১২ ডিসেম্বর এক দিনে সাধারণ সূচক ২৮৫ পয়েন্ট কমে যায়। গত ৬ নভেম্বর মূল্যসূচক কমে ২৩৩ পয়েন্ট। রোববার মোট ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম কমে ২৩৬টির, বাড়ে পাঁচটির এবং অপরিবর্তিত থাকে দুটির। দিন শেষে মোট ১৪৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি। রোববার দুপুর ১২টার দিকে সাধারণ সূচক ৩১১ পয়েন্ট কমে যাওয়ার পরপরই বিক্ষোভ শুরু হয়। এরপর পুঁজিবাজারের কিছু বিধি পরিবর্তন করে এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এজে/১৫৪৮ ঘ.