২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বিনিয়োগকারীদের বিক্ষোভ

ঢাকার পুঁজিবাজারে বড় ধরনের ধসের ঘটনায় খুলনায় বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 03:09 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

খুলনা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে বড় ধরনের ধসের ঘটনায় খুলনায় বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। রোববার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ব্রোকারেজ হাউসগুলোগুলোতে শেয়ার বেচাকেনা বন্ধ করে দেয় তারা। বিকাল ৩টায় লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক দাঁড়ায় ৭৬৫৪ দশমিক ৪০ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৫৫১ পয়েন্ট কম। রোববার মোট ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম কমেছে ২৩৬টির, বেড়েছে পাঁচটির এবং অপরিবর্তিত রয়েছে দুটির। গত ১২ ডিসেম্বর এক দিনে সাধারণ সূচক ২৮৫ পয়েন্ট কমে যায়। গত ৬ নভেম্বর মূল্যসূচক কমে ২৩৩ পয়েন্ট। খুলনার ক্ষুদ্র বিনিয়োগকারীরা জানান, বেলা ১১ টায় লেনদেন শুরু হওয়ার কিছু সময়ের মধ্যে অধিকাংশ শেয়ারের দাম কমে যায়। দুপুর ১২ টার দিকে আতঙ্কিত বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ব্রোকারেজ হাউস আইসিইবি'র সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে। এছাড়া শিববাড়ি মোড়, পিকচার প্যালেস মোড় ও খুলনা থানার মোড়ে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। তারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয়। খুলনার শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারী ফোরামের আহ্বায়ক আব্দুল হাসিব সাংবাদিকদের জানান, অস্বাভাবিক দরপতনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনেকে পথে বসার উপক্রম হয়েছে। আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক এ এল এম শাহনেওয়াজ জানান, তাদের হাউজ থেকে বিনিয়োগকারীরা বেলা সাড়ে ১২ টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের খুলনার পরিচালক মাহবুবুর রহমান পিনু জানান, অন্যান্য দিনের তুলনায় রোববার তাদের ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীর সংখ্যা ছিলো কম। আর যারা উপস্থিত ছিলেন তাদের ভেতর স্বাভাবিকভাবেই হতাশা লক্ষ্য করা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.