২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলমানি রেট রেকর্ড ১৮০ শতাংশ

আন্তঃব্যাংক মুদ্রাবাজারে স্বল্প সময়ের জন্য ধার করা অর্থের সুদের হার বা কলমানি রেট রোববার রেকর্ড সর্বোচ্চ ১৮০ শতাংশে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃব্যাংক মুদ্রাবাজারে স্বল্প সময়ের জন্য ধার করা অর্থের সুদের হার বা কলমানি রেট রোববার রেকর্ড সর্বোচ্চ ১৮০ শতাংশে উঠেছে। এদিন সর্বনিু কলমানি রেট ছিলো ৫৫ শতাংশ। গত সোমবার থেকে রোববার পর্যন্ত প্রতিদিনই কলমানি রেটে রেকর্ড হয়েছে। বুধবার কলমানি রেট ছিলো সর্বোচ্চ ১৭৫ শতাংশ। কলমানি রেট এত বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলমানি রেট বাজারের ওপর নির্ভর করে। এর বৃদ্ধি বা হ্রাস ব্যাংকের তহবিল ব্যবস্থাপনার ওপর নির্ভর করে।" রোববার কেন্দ্রীয় ব্যাংক বাজারে 'উল্লেখযোগ্য পরিমাণে' নগদ অর্থ সরবরাহ করেছে জানিয়ে গভর্নর বলেন, "অচিরেই কলমানি রেট কমে আসবে বলে আশা করা যাচ্ছে।" ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার হার (স্টেটিউটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর) ও নগদ সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট বা সিআরআর) বাড়ানোয় এই অবস্থার সৃষ্টি হয়েছে। নগদ টাকার সংস্থান করতে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিদিন যে হারে রেপো আবেদন আসছে সে হারে রেপো দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, রোববার প্রাইমারি ডিলার ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চাহিদার ২৫ শতাংশ রেপো দেওয়া হয়েছে। প্রাইমারি ডিলার নয় এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকেও চাহিদার ১৫ থেকে ২০ শতাংশ রেপো দেওয়া হয়েছে। বুধবার ১১টি ব্যাংক সর্বোচ্চ ১৫০ শতাংশ রেটেও টাকা ধার করেছে। এগুলো হচ্ছে, ব্যাংক আল-ফালাহ, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং দি সিটি ব্যাংক লিমিটেড। অন্যদিকে সর্বোচ্চ ১৭৫ শতাংশ রেটে ধার দিয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, "রেপোর (সরকারের ঋণ পণ্য ট্রেজারি বিল জমা রেখে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার করা বা পুনঃক্রয় চুক্তি) মাধ্যমে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গতকালও এক হাজার কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।" সম্প্রতি মূল্যস্ফীতির চাপ কমানো, অনুৎপাদনশীল খাত ও শেয়ার বাজারে ঋণের লাগাম টেনে ধরা এবং অতিরিক্ত তারল্য শোষণের লক্ষ্যে বাজারে নগদ অর্থপ্রবাহ কমানোর পদক্ষেপ হিসেবে ব্যাংকগুলোর এসএলআর এবং সিআরআর পরিমাণ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ ব্যাংকের সিআরআর শূন্য দশমিক ৫ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর এসএলআর বাড়ানো হয়েছে ১ শতাংশ। ব্যাংকগুলোকে ১৫ ডিসেম্বর থেকে তাদের মোট তলবি ও মেয়াদি আমানতের ৬ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং নূনতম সাড়ে ৫ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদে জমা করতে হবে। বর্তমানে নগদ জমা সংরক্ষণের হার দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে সাড়ে ৫ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে ন্যূনতম ৫ শতাংশ। অন্যদিকে ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংক এবং প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি ব্যাংকিং শাখাগুলোর জন্য এসএলআর সংরক্ষণ করতে হবে সাড়ে ১১ শতাংশ। বর্তমানে এ হার রয়েছে সাড়ে ১০ শতাংশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/পিডি/২১০০ ঘ.