২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক পতনে আবার বিক্ষোভ পুঁজিবাজারে

ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচকের পতন এবং শেয়ারের দাম পড়ে যাওয়ায় বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 07:05 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচকের পতন এবং শেয়ারের দাম পড়ে যাওয়ায় বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। রোববার দুপুর ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩১১ পয়েন্ট কমে যাওয়ার পরপরই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ডিএসই এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে স্লোগান দেয়। ডিএসই সভাপতি শাকিল রিজভীর পদত্যাগও দাবি করে তারা। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা একটি গাড়ি ভাংচুর করলে মতিঝিল থেকে আর কে মিশন রোড পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধরা ডিসএসই ভবনের আশপাশের ভবনে ইটও ছোড়ে। এতে আহত হন দৈনিক কালের কণ্ঠের এক আলোকচিত্রী। ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্ষোভ যেন সহিংসতার দিকে না যায়, সেদিকে দৃষ্টি রাখছে পুলিশ। ভাংচুরের শঙ্কা থেকে সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এরপর ব্যাপক সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যরা রাস্তা থেকে বিক্ষোভকারীদে হটিয়ে দিলে দুপুর ২টায় ওই সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। দুপুর ১২টার দিকে সূচক ৩১১ পয়েন্ট কমলেও তা আবার বাড়তে শুরু করে। বেলা পৌনে ১টায় সাধারণ সূচক ছিলো ৭৯২৪ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ২৮১ পয়েন্ট কম। তবে এরপর আবার পতনের ধারা শুরু হয়। দুপুর ২টায় সূচক দিনের শুরুর চেয়ে ৩৪০ পয়েন্ট কমে ৭৮৬৫ তে দাঁড়ায়। ডিএসইতে দুপুর ২টা পর্যন্ত ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৩টির দামই কমছে। বেড়েছে আটটির, অপপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিকে বিক্ষোভের পরপরই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে আগামী ২ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া বর্ধিত মেম্বার মার্জিন জমা দেওয়ার হার পুনর্নিধারণের সিদ্ধান্ত বাতিল করা হয়। আগের সিদ্ধান্তে ব্রোকারেজ হাউজগুলোর শেয়ার লেনদেনের ওপর জামানত রাখার হার বাড়ানো হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/আরবি/এমআই/১৩০৫ ঘ.