ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ফেব্র"য়ারিতে আইএমএফের পরিচালনা পর্ষদের সভায় ঋণ অনুমোদনের বিষয়টি চূড়ান্ত হবে।
বুধবার ঢাকায় আইএমএফের মিশনপ্রধানের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
মুহিত বলেন, যাদের আমদানি মূল্য পরিশোধের ঘাটতি থাকে তাদের আইএমএফ ঋণ দিয়ে থাকে। বাংলাদেশকেও এ কারণেই ঋণ দেওয়া হবে।
ঘাটতির কারণ জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, ব্যাপক আমদানির বিপরীতে রপ্তানি কম হওয়াই এর মূল কারণ। এছাড়া প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিটেন্স) কমে যাওয়ায়ও এর ওপর প্রভাব ফেলেছে।
মুহিত জ্বালানি তেলের মূল্য বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন।
তিনি বলেন, "এ বিষয়টি আমরা ভাবছি।"
আগামী বছরের শুরুতে যদি বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে করা যায়, তবে সরকার এ পদক্ষেপ নেবে বলে ইঙ্গিত দেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24