২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলমানি সুদের হার সর্বোচ্চ ৬২ শতাংশ

আন্তঃব্যাংক মুদ্রাবাজারে স্বল্প সময়ের জন্য ধার করা অর্থের সুদের হার বা কলমানি রেট মঙ্গলবার ৬২ দশমিক ৫০ শতাংশে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃব্যাংক মুদ্রাবাজারে স্বল্প সময়ের জন্য ধার করা অর্থের সুদের হার বা কলমানি রেট মঙ্গলবার ৬২ দশমিক ৫০ শতাংশে পৌঁছেছে। গত তিনদিন ধরে প্রতিদিন গড়ে ১০ টাকারও বেশি বেড়েছে সুদের হার। সোমবার কলমানি সুদ হার ছিল সর্বোচ্চ ৪০ শতাংশ, রোববার সর্বোচ্চ ৩৫ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার হার (স্টেটিউটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর) ও নগদ সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট বা সিআরআর) বাড়ানোর ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বুধবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও আগাম প্রস্তুতি নিতে গিয়ে ব্যাংকগুলোতে নগদ অর্থের ঘাটতি ব্যাপক দেখা দিয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার প্রথম দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর কোনো ব্যাংকই সিআরআর খেলাপি হতে চাচ্ছে না। তাই ব্যাংকগুলোর আগাম প্রস্তুতি বাজারে এ পরিস্থিতি সৃষ্টি করেছে। এদিকে নগদ টাকার সংস্থান করতে কেন্দ্রীয় ব্যাংকে প্রতিদিন যে হারে রেপো আবেদন আসছে সে হারে কেন্দ্রীয় ব্যাংক রেপো দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। কলমানি সুদ হার বৃদ্ধি প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি খাতের একজন ব্যবস্থাপনা পরিচালক বলেন, সিআরআর এবং এসএলআর বৃদ্ধি, আমদানি দেনা পরিশোধ বৃদ্ধি এবং কয়েকটি ব্যাংকের অতিমাত্রায় ঋণ বিতরণের ফলে মুদ্রাবাজারে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, "সিআরআর ও এসএলআর বাড়ানোর ফলে বাজার থেকে ১৮শ' কোটি টাকা তুলে নেওয়া হবে। বর্তমানে বাজারে যে পরিমাণ অতিরিক্ত তারল্য রয়েছে বলা হচ্ছে তা নেই। "যে অতিরিক্ত তারল্য রয়েছে তার সিংহভাগই ইসলামী ব্যাংকগুলোর। ব্যাংকগুলো এসএলআর ও সিআরআর সংরক্ষণের জন্য আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে।" বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রেপোর (সরকারের ঋণ পণ্য ট্রেজারি বিল জমা রেখে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার করা বা পুনঃক্রয় চুক্তি) মাধ্যমে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে মঙ্গলবারও ১১৪৭ কোটি টাকার ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এ ধার নেয়। গত সোমবার নিয়েছিল ৯৭৭ কোটি টাকা এবং রোববার নিয়েছিল ৭০১ কোটি টাকা। ১৪টি প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে মঙ্গলবার তিন হাজার ৪৭৭ কোটি টাকার তারল্যসুবিধা দেওয়া হয়েছে। সম্প্রতি মূল্যস্ফীতির চাপ কমানো, অনুৎপাদনশীল খাত ও শেয়ার বাজারে ঋণের লাগাম টেনে ধরা এবং অতিরিক্ত তারল্য শোষণের লক্ষ্যে বাজারে নগদ অর্থপ্রবাহ কমানোর পদক্ষেপ হিসেবে ব্যাংকগুলোর এসএলআর এবং সিআরআর পরিমাণ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ ব্যাংকের সিআরআর শূন্য দশমিক ৫ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর এসএলআর বাড়ানো হয়েছে ১ শতাংশ। ব্যাংকগুলোকে বুধবার থেকে তাদের মোট তলবি ও মেয়াদি আমানতের ৬ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৫ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদে জমা করতে হবে। বর্তমানে নগদ জমা সংরক্ষণের হার দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে সাড়ে ৫ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে ন্যূনতম ৫ শতাংশ। অন্যদিকে ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংক এবং প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি ব্যাংকিং শাখাগুলোর জন্য এসএলআর সংরক্ষণ করতে হবে সাড়ে ১১ শতাংশ। বর্তমানে এ হার সাড়ে ১০ শতাংশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/পিডি/২১২৯ ঘ.