২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াং ওয়ানের সব কারখানা চালু

শ্রমিকদের ভাংচুরের পর সাময়িকভাবে কয়েকটি বন্ধ হলেও সবগুলো কারখানাই পুনরায় চালু করেছে ইয়াং ওয়ান কর্পোরেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 06:48 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের ভাংচুরের পর সাময়িকভাবে কয়েকটি বন্ধ হলেও সবগুলো কারখানাই পুনরায় চালু করেছে ইয়াং ওয়ান কর্পোরেশন। ইয়াং ওয়ানের কারখানার ছয়টি ঢাকা ইপিজেডে আর ১১টি চট্টগ্রাম ইপিজেডে। শ্রমিক অসন্তোষের পর ইয়াং ওয়ানের মোট ১৭টি কারখানার চট্টগ্রামের দুটি এবং ঢাকার তিনটি কারখানা সোমবার খোলা ছিলো। চট্টগ্রাম ইপিজেডে ইয়াং ওয়ানের ১১টি কারখানাই মঙ্গলবার চালু হয়েছে বলে সিইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ওয়ান ইয়াং কর্পোরেশনের পরিচালক (অপারেশন) শিকদার মেসবাহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা ইপিজেডের কারখানাগুলোও চালু হয়েছে। নতুন কাঠামোয় মজুরি নির্ধারণে বৈষম্য হয়েছে অভিযোগ তুলে গত শনিবার সিইপিজেডে ইয়াং ওয়ানের বিক্ষুব্ধ শ্রমিকরা ভাংচুর চালায়। এ কারণে কারখানা বন্ধ হলে রোববার বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। যাতে তিন জন নিহত এবং পুলিশসহ প্রায় ১০০ জন আহত হয়। সংঘর্ষের কারণে রোববার সিইপিজেডের কারখানাগুলোতে ছুটি দেওয়া হলেও সোমবার অধিকাংশ কারখানা খোলে। মঙ্গলবারের পরিস্থিতি সম্পর্কে সিইপিজেড মহাব্যবস্থাপক রশিদ বলেন, "পরিস্থিতি শান্তিপূর্ণ এবং শ্রমিকেরা কাজে যোগ দিয়েছে। ইপিজেডের ভেতর পুলিশ টহল দিচ্ছে।" শ্রমিক অসন্তোষের কারণ খতিয়ে দেখতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন বলে বেপজা কর্মকর্তারা জানান। সিইপিজেড এর ১৫৮টি কারখানার সবগুলো মঙ্গলবার খুললেও শ্রমিক উপস্থিতি স্বাভাবিকের চেয়ে কম দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআর/এমআই/১২৪০ ঘ.