২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কা বাংলার আইপিও বাজারে তারল্য বাড়াবে

ব্রোকারেজ হাউস লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেডের আইপিও অনুমোদন হলে অতিমূল্যায়িত শেয়ার বাজারে তারল্য আরো বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 05:10 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রোকারেজ হাউস লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেডের আইপিও অনুমোদন হলে অতিমূল্যায়িত শেয়ার বাজারে তারল্য আরো বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। সোমবার পর্যন্ত প্রতিষ্ঠানটির ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) ছাড়া বিষয়ে সিদ্ধান্ত জানায়নি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা (এসইসি)। তিন কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৭৫০ কোটি টাকা তহবিল সংগ্রহের কথা জানিয়ে আইপিও ছাড়ার অনুমোদন চেয়েছে লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ২৪০ টাকা প্রিমিয়াম ও ১০ টাকা অভিহিত মূল্য নির্ধারণ করে এর প্রতিটি শেয়ারের দাম ২৫০ টাকা করার প্রস্তাব করে। অনুমোদন দেওয়া হলে এটিই হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রথম ব্রোকারেজ হাউস। লঙ্কা বাংলা সিকিউরিটিজের প্রসপেক্টাসে বলা হয়েছে, কোম্পানি চায় এর ৩০ শতাংশ আইপিও বিনিয়োগের বিপরীতে ঋণের (মার্জিন লোন) মাধ্যমে পরিচালিত হোক। ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো বিনিয়োগকারীদের সম্পদের বিপরীতে মার্জিন লোন দিয়ে থাকে। প্রসপেকটাসে আরো বলা হয়, বাকি ৪০ শতাংশ শেয়ার "কৌশলগত বিনিয়োগ ও মালিকানা সংক্রান্ত বিনিয়োগে" ব্যবহার করা হবে। বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে বেশ কিছুদিন ধরে অযৌক্তিক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। গত মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্য সূচক ১০০০ পয়েন্ট বেড়ে যায়। গত ১০ নভেম্বর সূচকের অবস্থান ছিল ৭২৯২ এবং গত ১৩ ডিসেম্বর ছিল ৮৩২৯ পয়েন্ট। গত বুধবার কার্যদিবসের প্রথম ঘণ্টায় ডিসই'র সাধারণ মূল্য সূচক ৫০০ পয়েন্টেরও বেশি পড়ে যাওয়ার পর এসইসি'র সাবেক চেয়ারম্যান এবি মির্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুঁজিবাজার দীর্ঘদিন ধরেই অতিমূল্যায়িত।" গত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই অর্থ উপদেষ্টা জানান, এই বাজারে সূচকের অবস্থান ৬৫০০ থেকে ৭০০০ পয়েন্ট পর্যন্ত স্বাভাবিক। লঙ্কা বাংলা সিকিউরিটিজকে শেয়ার ছাড়ার অনুমোদন দেওয়া ঠিক হবে কিনা এ বিষয়ে এসইসি নিশ্চিত নয়। নাম প্রকাশ না করার শর্তে এসইসি'র একজন কর্মকর্তা বলেন, "এটি একটি ব্রোকারেজ হাউস, এটি কোনো ব্যাংক কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে বাজারে অর্থ ছাড়া।" প্রতিষ্ঠানটির সংগৃহিত অর্থ মার্জিন লোন হিসাবে বাজারে এলে অবশ্যই বাজারে অতিরিক্ত তারল্য ও অতিমূল্যায়িত পরিস্থিতি তৈরি হবে বলে স্বীকার করেন তিনি। ওই কর্মকর্তা জানান, পুঁজি বাজার থেকে অর্থ সংগ্রহ করতে দেওয়ার বিষয়ে এই প্রতিষ্ঠানকে কেন অনুমোদন দেওয়া হবে তা পরীক্ষা করে দেখা হবে। প্রতিষ্ঠানটির অতি উচ্চ প্রিমিয়ামের (২৪০ টাকা) কথা উল্লেখ করে তিনি বলেন, "বাজার হয়তো এই প্রিমিয়াম পরিশোধে সম্মত হবে। কিন্তু এটা অত্যন্ত উঁচু ও অস্বাভাবিক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিডি/জেবি/পিডি/২২৪৩ঘ.