ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগের বিপরীতে ঋণের (মার্জিন লোন) অনুপাত বাড়ানোর সিদ্ধান্তের পর ঘুরে দাঁড়িয়েছে ঢাকার শেয়ার বাজার। সোমবার লেনদেন বেড়েছে ১.৬ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্য সূচক ৩৩ পয়েন্ট বেড়ে দিন শেষে দাঁড়ায় ৮৩২৯.১১। দেশের প্রধান এ পুঁজিবাজারে শেয়ারের লেনদেন গত দিনের চেয়ে ১.৬ শতাংশ বেড়ে দাঁড়ায় মোট এক হাজার ৭৬০ কোটি টাকা।
বিনিয়োগকারীরা বলছেন, কার্যদিবসের শুরুতে মার্জিন লোনের অনুপাত এক অনুপাত শূন্য দশমিক পাঁচ থেকে বাড়িয়ে এক অনুপাত এক করার সিদ্ধান্তে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
একদিন আগে ডিএসই সাধারণ সূচকে একদিনের সর্বোচ্চ পতনের পর এসইসি এই সিদ্ধান্ত নেয়। রোববার সাধারণ মূল্য সূচক ২৮৪.৭৭ পয়েন্ট কমে দিন শেষে দাঁড়ায় ৮২৯৫.৪১।
অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশ এর প্রধান ইওয়ার সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকালের বড় ধরনের পতনের পর সাধারণ সূচক ঘুরে দাঁড়ানো অস্বাভাবিক নয়।"
তিনি বলেন, "এসইসি'র মার্জিন লোনের অনুপাত বাড়ানোর খবরে বাজারে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে।"
এদিন ১১৬টি শেয়ারের দাম বাড়ে, ১২৫টি শেয়ারের দর পড়ে যায় এবং চারটি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।
ব্যাংক, ব্যাংক বহির্ভূত বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিমেন্ট, বিদ্যুৎ ও টোলিযোগাযোগ খাতের শেয়ারের দাম উল্লেখযোগ্য পরিমাণ বেড়ে যায় ও সার্বিকভাবে মিউচুয়াল ফান্ডের দাম পড়ে যায়।
লেনদেনের তালিকায় শীর্ষে ছিল বে লিজিং ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির মোট লেনদেন হয় ৮২ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা।
দিনের লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো। এই প্রতিষ্ঠানের মোট ৭৫ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয়।
ব্যাংকিং খাতে এগিয়ে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এ প্রতিষ্ঠানের মোট লেনদেন হয় ৬৫ কোটি আট লাখ টাকা।
লেনদেনের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল শাইনপুকুর সিরামিকস লিমিটেড। প্রতিষ্ঠানটির মোট ৫৫ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকা লেনদেন হয়।
জ্বালানী খাতে এগিয়ে ছিল তিতাস গ্যাস লিমিটেড। এর মোট ৪৯ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/পিডি/২০৩৭ ঘ.
bdnews24