২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াংওয়ানের পাঁচ কারখানায় কাজ শুরু

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) শনিবার শ্রমিক-পুলিশ সংঘর্ষ এবং কারখানা ভাংচুরের পর রাতে ঢাকা ও চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত ইয়াংওয়ান করপোরেশনের ১৬টি মূল কারখানার মধ্যে পাঁচটিতে সোমবার কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 08:56 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) শনিবার শ্রমিক-পুলিশ সংঘর্ষ এবং কারখানা ভাংচুরের পর রাতে ঢাকা ও চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত ইয়াংওয়ান করপোরেশনের ১৬টি মূল কারখানার মধ্যে পাঁচটিতে সোমবার কাজ শুরু হয়েছে। সকাল থেকে চট্টগ্রাম ইপিজেডে দুটি এবং ঢাকায় তিনটি কারখানায় কাজ শুরু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ইয়াংওয়ান করপোরেশনের পরিচালক (অপারেশন) শিকদার মেজবাহ উদ্দিন। তিনি বলেন, "চট্টগ্রামে শ্রমিকদের ভাংচুরে ক্ষতিগ্রস্ত কারখানাগুলো পরিস্কারের কাজ চলছে। ভাংচুর হওয়া কারখানা পরিচ্ছন্ন এবং কাজের উপযোগী করতে শ্রমিকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।" মঙ্গল ও বুধবারের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের অন্য কারখানাগুলোতে কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সিইপিজেডে কোরীয় মালিকানাধীন ইয়াংওয়ান কর্পোরেশনের একটি কারখানা থেকে শনিবার শ্রমিক অসন্তোষের সূত্রপাত। নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন বাড়ার ক্ষেত্রে বৈষম্য হয়েছে- এমন অভিযোগে শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ-ভাংচুরের পর রাতে প্রতিষ্ঠানটি তাদের ঢাকা ও সিইপিজেডের সব কারখানা বন্ধ করে দেয়। চট্টগ্রাম ইপিজেডে ইয়াংওয়ানের ১১টি মূল কারখানার অবস্থান। শনিবার এর নয়টিই ভাংচুরের শিকার হয়। এর বাইরে চট্টগ্রামে তাদের দুটি সহযোগী প্রতিষ্ঠানও রয়েছে। মেজবাহ উদ্দিন জানান, সিইপিজেডে অবস্থিত ভাংচুর না হওয়া লালমাই স্পোর্টস লিমিটেড (এলএসএল) এবং তিতাস স্পোর্টস লিমিটেড (টিএসএল) নামের কারখানা দুটি সোমবার সকালে চালু হয়। ঢাকায় চালু হওয়া ইয়াংওয়ানের মালিকানাধীন কারখানা তিনটি হলো- এসডিএফ, ওয়াইএসএফ ও এসপিএমএল। ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সান কারখানা খুলে দেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেজবাহ বলেন, "চেয়ারম্যান নিজেই ক্ষতিগ্রস্ত কারখানা চালু উপযোগী করতে নিয়মিত পর্যবেক্ষণ করছেন।" তিনি জানান, শনিবার ভাংচুর হওয়া নয়টি কারখানায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষোভের কারণ অনুসন্ধানে কারখানা ভিত্তিক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, " চেয়ারম্যান সাহেব নিজেই তা পর্যবেক্ষণ করছেন।" মেজবাহ উদ্দিন জানান, বাংলাদেশে ইয়াংওয়ান কর্পোরেশনের ১৮টি কারখানা আছে। এর মধ্যে চট্টগ্রাম ইপিজেডে ১৩টি (মূল ১১টি, বাকি দুটি সহযোগী) এবং ঢাকায় পাঁচটি। এসব কারখানায় ৪৬ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। এছাড়া কর্মকর্তা রয়েছেন তিন হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এজে/১৪৫২ ঘ.