২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডের পরিস্থিতি শান্ত

বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত এবং প্রায় ১০০ জন আহত হওয়ার পরদিন সকালে কড়া নিরাপত্তায় খুলেছে চট্টগ্রাম ইপিজেড। বেপজা জানিয়েছে, সেখানকার ১৫৮টি চালু কারখানার মধ্যে ১৪৮টি-ই খুলেছে। জানাচ্ছেন মিঠুন চৌধুরী। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 05:55 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি-দাওয়া নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত এবং প্রায় ১০০ জন আহত হওয়ার পরদিন সোমবার সকাল ৮টায় কড়া নিরাপত্তায় খুলেছে চট্টগ্রাম ইপিজেড। দুপুর ১২টা পর্যন্ত সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান সাংবাদিকদের জানিয়েছেন, সিইপিজেডের ১৫৮টি চালু কারখানার মধ্যে ১৪৮টিতে সোমবার সকালে কাজ শুরু হয়েছে। সিইপিজেডে কোরীয় মালিকানাধীন ইয়াংওয়ান কর্পোরেশনের একটি কারখানা থেকে শনিবার শ্রমিক অসন্তোষের সূত্রপাত। নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন বাড়ার ক্ষেত্রে বৈষম্য হয়েছে- এ অভিযোগে শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ-ভাংচুরের পর রাতে প্রতিষ্ঠানটি তাদের ঢাকা ও সিইপিজেডের সব কারখানা বন্ধ করে দেয়। সিইপিজেডে রোববার সকাল ৮টায় কারখানায় বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে পুলিশ ও র‌্যাব বিক্ষুব্ধ শ্রমিকদের সিইপিজেড এলাকা থেকে হটিয়ে দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। ওই সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের হটানোয় অংশ নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরাও। এক পর্যায়ে সিইপিজেডের সব কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা একযোগে বেরিয়ে আসে। পুলিশ বলছে, সিইপিজেডে রোববার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অন্তত আটটি কারখানায় ভাংচুর চালায় শ্রমিকরা। ভাংচুর করে ৩০টি গাড়ি। পোড়ানো হয় দুটি মটর সাইকেল। শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউল মাসুদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে পুলিশের আটটি দল ইপিজেডে টহল দিচ্ছে। পরিস্থিতি শান্ত। তবে শ্রমিক উপস্থিতি কম। সকাল থেকে বেপজা চেয়ারম্যান জামিল আহমেদ খান, সংসদ সদস্য এমএ লতিফ ও সিইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুর রশিদ রোববারের ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানাগুলো পরিদর্শন করেন। এ সময় তারা কারখানা কর্তৃপক্ষের পাশাপাশি শ্রমিকদের সঙ্গেও কথা বলেন। বেপজা চেয়ারম্যান দুপুর ১২টার দিকে সাংবাদিকদের বলেন, "আমরা পুরো এলাকা ঘুরে দেখেছি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। ইয়ংওয়ানের নয়টিসহ মোট ১০টি কারখানা বন্ধ আছে।" রোববারের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "শুধু বেতন-ভাতার কারণে এতো বড় ঘটনা ঘটেনি। বোঝা যাচ্ছে, বাইরের ইন্ধন আছে।" রোববারের ঘটনা তদন্তে কমিটিকে সাত দিন সময় দেওয়া হয়েছে বলে তিনি জানান। ইয়ংওয়ানের পরিচালক (অপারেশন) অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শিকদার মেজবাহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিইপিজেডে তাদের দুটি কারখানায় সোমবার সকাল থেকে কাজ শুরু হয়েছে। ভাংচুর হওয়া কারখানাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ ও সেগুলো পরিষ্কারের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, "আশা করছি, আগামীকালের মধ্যে ৯০ শতাংশ কারখানা খুলে দেওয়া সম্ভব হবে।" ঢাকায় অবস্থিত ইয়ংওয়ানের পাঁচটি কারখানার মধ্যে তিনটিতে সোমবার সকাল থেকে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, "বাকি দুটিতেও দু-একদিনের মধ্যে কাজ শুরু হবে।" এর আগে সকালে শিল্প পুলিশের কর্মকর্তা রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইয়ংওয়ানের ১১টি কারখানাসহ সিইপিজেডের ১৬টি কারখানা বন্ধ রয়েছে। ১৪২টি কারখানায় কাজ শুরু হয়েছে। তবে শ্রমিক উপস্থিতি কম।" সিইপিজেডে ১৭০টি কারখানার প্লট থাকলেও ১৫৮টি চালু আছে বলেও তিনি জানান। রোববারের সংঘর্ষের পর বিকালে এক সংবাদ সম্মেলনে বেপজা চেয়ারম্যান জামিল আহমেদ বলেন, সোমবার সকাল থেকেই সব কারখানা চালু হবে। তবে ইয়াংওয়ান কর্পোরেশনের ক্ষতির পরিমাণ যেহেতু বেশি তাই তাদের কারখানা চালু করতে আরো কিছুদিন সময় লাগবে। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী ও সাংসদ এমএ লতিফ উপস্থিত ছিলেন। রোববার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা সংঘর্ষ দমাতে শিল্প ও সিএমপি পুলিশ সদস্যরা মোট পাঁচশ ২৬ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। গ্রেপ্তার করে ৩১ জনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এজে/১২৩৮ ঘ.