ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচকে একদিনে সর্বোচ্চ পতন হয়েছে।
রোববার সাধারণ মূল্য সূচক ২৮৪.৭৭ পয়েন্ট পড়ে যায়। গত দিনের চেয়ে সূচক ৩.৩১ শতাংশ কমে দিন শেষে দাঁড়ায় ৮২৯৫.৪১।
এর আগে দরপতনের রেকর্ড ছিল ১৯৯৬ সালের ৬ নভেম্বর। ওইদিন সূচক ২৩৩ পয়েন্ট পড়ে যায়।
ঢাকার পুঁজিবাজারে গত ৫ ডিসেম্বর একদিনের লেনদেনে রেকর্ড হওয়ার পর থেকে পুঁজিবাজারে শেয়ারেরও দরপতন শুরু হয়।
তবে রোববার ডিএসইতে শেয়ারের লেনদেন গত দিনের চেয়ে পাঁচ শতাংশ বেড়ে যায়। দিন শেষে মোট লেনদেন দাঁড়ায় এক হাজার সাতশ ১৭ কোটি টাকা।
এদিন মোট ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৯১টি শেয়ারের দাম কমে যায় এবং ৫১টির দাম বাড়ে।
ব্যাংক ও ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানসহ সিমেন্ট, জ্বালানি, ওষুধ, টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলো বিশাল ক্ষতির সম্মুখীন হয়।
তবে শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের ৮৩ শতাংশ শেয়ারের দাম বেড়ে যায়।
ডিএসই'র সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্যাশ রিজার্ভ রিকয়ারম্যান্ট (সিআরআর) ছয় শতাংশ পর্যন্ত উন্নীত করার সিদ্ধান্তের কারণে সম্ভবত তারল্য সংকট সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বাজারে অর্থ সরবরাহ কমে গেছে। সম্ভবত এ কারণেই অনেক বিনিয়োগকারী শেয়ার না কিনে বিক্রি করতে বাধ্য হয়েছেন।"
গত বুধবার ডিএসইতে সূচকের বড় ধরনের পতনের ঘটনায় আতঙ্কের কারণে রোববার সূচকের এ পতন হয়নি বলে মনে করেন তিনি।
ওইদিন ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সাধারণ সূচক প্রায় ৫০০ পয়েন্ট পড়ে যায়। এ নিয়ে রাজধানীর মতিঝিলে ডিএসই'র সামনে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা।
অনেক বিনিয়োগকারী এ জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেক ক্লিয়ারিং ও নেটিং সুবিধা সম্পর্কিত দুটি নির্দেশনাকে দায়ী করছেন।
তবে বুধবার সূচকের পতনের পর ওইদিনই নির্দেশনা দু'টি স্থগিত করে এসইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআর/জিএনএ/জেবি/এইচএ/২০২৫ ঘ.
bdnews24