২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেডে আবার সংঘাত

চট্টগ্রামে ইয়াং ওয়ানের শ্রমিকরা আবার রাস্তায় নেমেছে। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে পতেঙ্গা থেকে চট্টগ্রাম শহর মুখে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 05:07 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ইয়াং ওয়ানের শ্রমিকরা আবার রাস্তায় নেমেছে। তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে পতেঙ্গা থেকে চট্টগ্রাম শহর মুখে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার দ্বিতীয় দিনের মতো সংঘাত বাঁধলো চট্টগ্রাম ইপিজেডে। বেতন নিয়ে অসন্তোষ থেকে শনিবারও শ্রমিকরা বিক্ষোভ-ভাংচুর চালায়। কোরীয় মালিকানার ইয়াং ওয়ান কর্পোরেশনের একটি কারখানার শ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী বেতন নিয়ে অসন্তোষ থেকে শনিবার বিক্ষোভ ও ভাংচুর চালালে প্রতিষ্ঠানটি তাদের কারখানা বন্ধ করে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা অন্য কারখানাগুলোতে হামলার চেষ্টা চালায়। বাধার মুখে ফিরে তারা ইপিজেড মোড়ে বিমানবন্দর সড়ক অবরোধ করে। ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল হাসান সকাল সোয়া ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা সাড়ে ৯টার দিকে রাস্তায় নেমে আসে। তাদের ছত্রভঙ্গ করে গাড়ি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।" প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। ইপিজেডের বিভিন্ন কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। অন্য কারখানার কিছু শ্রমিকও ইয়াং ওয়ানের শ্রমিকদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভে অংশ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১১০০ ঘ.