ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের লেনদেনে বড় ধরনের দরপতন হয়েছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সাধারণ সূচক প্রায় ৫০০ পয়েন্ট কমে যায়।
দরপতনের খবরে দুপুরে রাজধানীর মতিঝিলে ডিএসই'র সামনে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। পরে পুলিশ লাঠিপেটা করলে ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
১৯৯৬ সালে স্বল্প সময়ের ব্যবধানে শেয়ারের আকস্মিক উত্থান-পতনের 'কালো দিবসের' পর এটাই সর্বোচ্চ দরপতন।
পরিস্থিতি শান্ত করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চেক ক্লিয়ারিং ও নেটিং সুবিধা সম্পর্কিত আগের দু'টি নির্দেশনা স্থগিত করে দেয়।
বুধবার সাধারণ সূচক ১৩৪ পয়েন্ট কমে দিন শেষে দাঁড়ায় ৮৪৫১.৫৯। গত ৫ ডিসেম্বর দিনের লেনদেনে রেকর্ড (৮৯১৮.৫১ পয়েন্ট) হওয়ার পর তিনদিনে ধারাবাহিকভাবে সাধারণ সূচক ৪৬৭ পয়েন্ট পড়ে যায়।
এদিন লেনদেনের রেখাচিত্র সর্বনিু ৮০৩৮.৫০-এ নেমে আসার পর কিছুটা ওঠে। তবে বাজারের কার্যক্রম শেষ হওয়ার আগে রেখাচিত্রের অবস্থান আরো একবার নেমে যায়।
শেয়ারের লেনদেন কমে দিন শেষে দাঁড়ায় এক কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা, যা গত দিনের চেয়ে প্রায় চার শতাংশ কম।
লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মেয়ারের মধ্যে ১৭৮টির শেয়ারের দর পড়ে যায়, ৫৮টি শেয়ারের দাম বাড়ে ও পাঁচটি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/পিডি/১৯৪১ ঘ.
bdnews24