জাহাঙ্গীর কবির জুয়েল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ময়মনসিংহ, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ শহরের প্রধান সড়কের অলকা প্রেক্ষাগৃহটি আর নেই। সেখানে উঠছে বহুতল ভবন, ঝলমলে শপিং মল।
আট বছর আগে ২০০২ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে বোমা বিস্ফোরিত হয় এই প্রেক্ষাগৃহে।
ঈদুল ফিতরের পরদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অলকাসহ শহরের চারটি প্রেক্ষাগৃহেই বোমা হামলার ঘটনা ঘটে।
শহরের পুরনো ত্রিশাল বাসস্ট্যান্ডের কাছাকাছি অজন্তা প্রেক্ষাগৃহে বোমা হামলা হয় বিকাল ৫টা ৫৫ মিনিটে। তারপর প্রায় একই সময় অলকা, ছায়াবাণী আর পূরবী প্রেক্ষাগৃহে বোমা হামলা হয়।
কয়েক ঘণ্টার ব্যবধানে ঈদের আনন্দ মুখর ময়মনসিংহ শহর পরিণত হয় শোক আর বোমাতঙ্কের শহরে। এই বোমা হামলায় মারা যান ১৮ জন। আর গুরুতর আহত হয়ে চিরতরে পঙ্গু হয়ে পড়েন ২০ জন।
বোমা হামলার পর ৫/৬ মাস বন্ধ থাকে প্রেক্ষাগৃহ চারটি। এরপর যখন চালু হলো, তখন আর আগের মতো দর্শক উপস্থিতি ঘটলো না।
প্রেক্ষাগৃহগুলোর মালিকরা বলছেন, দর্শকদের মনে গেঁথে যাওয়া সেই আতঙ্ক আজও আর দূর হয়নি। দর্শক স্বল্পতায় ক্রমে ক্রমে লোকসানের মুখে পড়েন তারা।
কর্মচারীদের বেতন দেওয়াই কঠিন হয়ে পড়ে এক সময়। এই অবস্থায় কেউ কেউ একেবারেই এই ব্যবসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
অলকা প্রেক্ষাগৃহের মালিক সুশান্ত কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক দিকে ভয়, আরেক দিকে লোকসান দিয়ে কোনোভাবেই আর ব্যবসা চালানো যাচ্ছিল না। তাই বাধ্য হয়েই সিনেমা ব্যবসা ছেড়ে দিয়েছি।"
অজন্তা প্রেক্ষাগৃহটিও কয়েক বছর আগে ভেঙে ফেলা হয়েছে। সেখানেও হচ্ছে বহুতল ভবন।
প্রেক্ষাগৃহের মালিক পরিবারের সদস্য সলিমুল্লাহ বাবু বলেন, হামলার ঘটনার পর তাদের পরিবারের সবাই কমবেশি মানসিকভাবে ভেঙে পড়েন। সিনেমা ব্যবসাও দিন দিন লোকসানের দিকেই যাচ্ছিলো।
তিনি বলেন, "হলের ভেতর কখন কী হয়, আবার বোমার ঘটনা ঘটে কিনা, এসব নিয়ে সব সময়েই টেনশন কাজ করতো। এক পর্যায়ে পারিবারিক সিদ্ধান্তে আমরা এই ব্যবসা থেকে সরে আসি।"
ছায়াবাণীতেও ছবি প্রদর্শন বন্ধ। কখনো কখনো হলটি চালু থাকলেও দর্শক উপস্থিত থাকে হাতে গোনা।
নিয়মিত ছবি চললেও আগের মতো দর্শক উপস্থিতি নেই বলে জানিয়েছে পূরবী কর্তৃপক্ষ।
মামলার অবস্থা
ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ জানায়, ২০০৭ এর ৮ অক্টোবর সিআইডির ময়মনসিংহ জোনের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রফিকুল ইসলাম পৃথক চারটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
ওই অভিযোগপত্রে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গি সালাহউদ্দিন সালেহীন, জাহিদুল ইসলাম ওরফে সুমন ওরফে বোমা মিজান, আনোয়ার হোসেন ওরফে শহীদ ওরফে ভাগিনা শহীদসহ আরো কয়েকজনকে অভিযুক্ত করা হয়।
সিআইডি'র অভিযোগপত্রে বোমা হামলার জন্য জেএমবি জঙ্গিদের দায়ী করা হয়।
এই চারটি মামলায় প্রথমে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাবের হোসেন চৌধুরী, সাংবাদিক এনামুল হকসহ ৪০ জন রাজনৈতিক নেতাকর্মী ও প্রেক্ষাগৃহগুলোর কর্মচারীদের আসামি করা হয়েছিলো।
এদের মধ্যে মতিউর রহমানকে ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদও করেছিলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০০৬ এর ৮ ফেব্র"য়ারি হামলার ব্যাপারে জেএমবি জঙ্গি মইনুল হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় পর অভিযোগ থেকে অব্যাহতি পান তারা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মইনুল ২০০৩ সালে জয়পুরহাটের ক্ষেতলালে বোমা ফাটাতে গিয়ে ধরা পড়েন। পরে হাইকোর্ট থেকে জামিন ছাড়া পান।
পরবর্তী সময় টাঙ্গাইলের নাগরপুরের লাউহাটি চরে পরীক্ষামূলকভাবে বোমা ফাটাতে গিয়ে আবার ধরা পড়েন মইনুল।
২০০৬ সালের ৫ ফেব্র"য়ারি ময়মনসিংহের বোমা হামলা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় সিআইডি।
তার জবানবিন্দ থেকে বেরিয়ে আসে আরেক জেএমবি জঙ্গি সালাউদ্দিন সালেহীনের নাম।
ওই বছরের ১২ জুন জামালপুরের একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সালাউদ্দিন।
পুলিশ জানায়, তাদের স্বীকারোক্তি অনুযায়ী সালাউদ্দিনের নেতৃত্বেই একযোগে ময়মনসিংহের চারটি প্রেক্ষাগৃহে সিনেমা হলে বোমা হামলা চালানো হয়।
জেএমবির আট সদস্য এই হামলায় অংশ নেয়। হামলার পর ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার একটি বাড়িতে তারা আনন্দ উৎসব ও খাওয়া দাওয়া করে।
ময়মনসিংহের সহকারী সরকারি কৌঁসুলি আবুল কাশেম মুছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগপত্র দাখিলের পর মামলা চারটির বিচার কাজ শুরু হয় ময়মনসিংহের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে (স্পেশাল ট্রাইব্যুনাল-৫)।
পরে এই চারটি মামলাসহ জেএমবি সংশ্লিষ্ট অন্যসব মামলা ঢাকার দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয় বলে তিনি জানান।
কাশেম জানান, মামলাগুলো সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। বছরখানেক সময়ের মধ্যে বিচার কাজ শেষ হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমআই/১০১০ ঘ.
bdnews24