চট্টগ্রাম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিল্প ও বণিক সমিতির নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগের এক আদেশে নির্বাচন স্থগিত করা হয়।
ওই আদেশে অভিযোগ তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার নির্বাচনের দিন ধার্য ছিল।
নির্বাচন কমিশনার নাজমুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন স্থগিত করা হয়েছে।
তিনি জানান, ভুয়া ভোটার বিষয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী 'ব্যবসায়ী পরিষদে'র করা অভিযোগের ভিত্তিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক (ট্রেড এন্ড অর্গানাইজেশন) মো. আবুল কালাম স্বাক্ষরিত ওই আদেশে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১ এর ৯ (চ) এবং ৮ (ক) ধারা অনুসারে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান নাজমুল হক চৌধুরী।
তবে শনিবার অফিস বন্ধ থাকায় লিখিত আদেশ হাতে পাননি বলে জানান নাজমুল হক।
এবারের চেম্বার নির্বাচনে 'ব্যবসায়ী পরিষদ' ও 'চেম্বার পরিষদ' নামের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
নমিনি ভোটারের নামে ভুয়া ভোটার করার অভিযোগে ৩০ নভেম্বর ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, নির্বাচন কমিশনার ও বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া হয়।
নাজমুল হক চৌধুরী বলেন, "প্রায় ছয় হাজার ভোটার সম্বলিত ভোটার তালিকা অল্প সময়ের মধ্যে যাচাই করা সম্ভব নয়। এছাড়া চেম্বার নির্বাচনে নমিনি ভোটারের বিধান রয়েছে।"
তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/২২২৭ ঘ.
bdnews24