ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে প্রস্তাবিত হাই-টেক পার্ক নির্মাণ ও এর পরিচালনার জন্য ডেভেলপারদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে সরকার।
বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পার্কের নকশা, পরিকল্পনা ও এর পরিচালনার জন্য ডেভেলপারদের কাছে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করে।
দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত হাই-টেক পার্কটি গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ২৩২ একর জমিতে নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার হাই-টেক পার্ক প্রকল্পের পরিচালক আ ন ম শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এমন একটি কোম্পানি খুঁজছি যারা পার্কটির নকশা প্রণয়নসহ এর নির্মাণ ও পরিচালনার কাজটি করবে।"
তিনি জানান, পার্কের যাবতীয় বিপণন কাজের দায়িত্বটিও বর্তাবে ওই নির্বাচিত প্রতিষ্ঠানের ওপর।
অবশ্য বিসিসি এখনো এই প্রকল্প থেকে আয়ের অর্থ ভাগাভাগির কোনো মডেল তৈরি করতে পারে নি।
'সাপোর্ট টু হাই-টেক পার্ক অথরিটি টু এস্টাবলিশ হাই-টেক পার্ক অ্যাট কালিয়াকৈর, গাজীপুর' প্রকল্পের প্রধান শফিকুল বলেন, "সরকার ও নির্বাচিত কোম্পানির মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে এ বিষয়টি নির্ধারণ করা হবে।"
সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে তিনি জানান।
বর্তমানে পার্কের অবকাঠামোর মধ্যে রয়েছে শুধুমাত্র একটি তিন তলা ভবন। এতে বিদ্যুৎ, পানি, গ্যাসসহ ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেবি/এইচএ/২০১৫ ঘ.
bdnews24