ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ও বাজার মূলধনে বৃহস্পতিবারও রেকর্ড হয়েছে।
এদিন সাধারণ সূচক গত দিনের চেয়ে এক দশমিক তিন শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৮৩৮.০৯ পয়েন্ট।
বাজার মূলধনের নতুন রেকর্ড দাঁড়িয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৫৬৭ কোটি টাকা। শেয়ারের লেনদেন ২৮.২৩ শতাংশ বেড়ে দিন শেষে দাঁড়ায় ৩ হাজার ১৭৯ কোটি টাকা।
বুধবার সাধারণ সূচক বেড়ে দাঁড়ায় ৮৭২৩.১৮ পয়েন্ট। বাজার মূলধন দাঁড়ায় তিন লাখ ৬৩ হাজার পাঁচশ ৯৮ কোটি টাকা।
বৃহস্পতিবার ব্যাংকিং খাতে দুই তৃতীয়াংশেরও বেশি শেয়ারের দাম বেড়ে যায়। অন্যদিকে ব্যাংক বহির্ভূত ৮০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ে।
লেনদেনের তালিকায় শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টিই ছিল ব্যাংকিং খাতের ও তিনটি ছিল ব্যাংক বহির্ভূত বাণিজ্যিক প্রতিষ্ঠানের।
একশ ৬০ কোটি টাকা লেনদেন হয়ে ডিএসই'র লেনদেন তালিকায় সবচেয়ে এগিয়ে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এই প্রতিষ্ঠাটির শেয়ারের দাম ১১ শতাংশ বেড়ে যায়।
এছাড়া ব্যাংকিং খাতে লেনদেনে এগিয়ে ছিল সাউথ ইস্ট ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক।
ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনে এগিয়ে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস। এই প্রতিষ্ঠানের লেনদেন এক শতাংশেরও বেশি বেড়ে দাঁড়ায় ৭৯ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা।
এছাড়া দিনের লেনদেন হওয়া শীর্ষ শেয়ারগুলোর মধ্যে ছিল বেক্সিমকো ও এর অঙ্গপ্রতিষ্ঠান বেক্সটেক্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/এইচএ/১৭৫৮ ঘ.
bdnews24