২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেম্বার মার্জিন কার্যকরের সময় বাড়লো

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মেম্বার মার্জিন বা জামানতের নতুন হার কার্যকরের সময় এক মাস বাড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মেম্বার মার্জিন বা জামানতের নতুন হার কার্যকরের সময় এক মাস বাড়িয়েছে। এসইসির নতুন নির্দেশনায় স্টক এক্সচেঞ্জ সদস্যদের আগামী বছরের ২ জানুয়ারির মধ্যে এটি কার্যকর করতে বলা হয়েছে। আগের নির্ধারিত সময় ছিল আগামী ৫ ডিসেম্বর। ক্লিয়ারিং হাউসের সঙ্গে লেনদেনের বিপরীতে স্টক ব্রোকাররা যে অর্থ জামানত রাখেন সেটিই মেম্বার মার্জিন। গত ২৫ নভেম্বর এসইসি পাঁচ কোটি টাকা মুক্তসীমার পর পুঁজিবাজারে পরবর্তী এক কোটি টাকা বাণিজ্যের জন্য জামানতের হার ২০ শতাংশ থেকে ৪০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়। আট কোটি টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে এ হার ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ নির্ধারণ করা হয়। নয় কোটি টাকার বেশি যে কোনো লেনদেনের ক্ষেত্রে জামানতের হার পূর্ব নির্ধারিত ১০০ শতাংশই থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এসইসিকে জামানতের হার অপরিবর্তিত রাখার আহ্বান জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/পিডি/২০৫২ ঘ.