বিস্তারিত জানাচ্ছেন কামাল হোসেন তালুকদার
ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার থেকে পুরোদমে চামড়া কেনা শুরু করবেন ট্যানারি মালিকরা।
নির্ধারিত কোনো দামে চামড়া কেনা হবে না। তবে কেনার সময় ঢাকার চামড়ার দাম বিবেচনায় রাখা হবে।
বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
রোববার বিকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
গত ১৫ নভেম্বর রাজধানীর ধানমণ্ডিতে এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে চামড়ার মূল্য তালিকা প্রকাশ করে দেশের চামড়া শিল্পের তিনটি সংগঠন।
সংগঠন তিনটি হল বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টারস এসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন ও বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএফএলএলএফইএ'র উপদেষ্টা রেজাউল করিম আনসারী।
এতে বলা হয়, তিনটি সংগঠন ঐক্যমত পোষণ করে ঢাকার জন্য প্রতি বর্গফুট গরুর চামড়ার ক্রয়মূল্য ৫৫ থেকে ৬০টাকা, ঢাকার বাইরের জন্য ৪৫ থেকে ৫০ টাকা, সারাদেশের জন্য বকরির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২০ থেকে ২২টাকা এবং খাসির চামড়ার ক্রয়মূল্য ২৫ থেকে ৩০টাকা নির্ধারণ করেছে।
বাংলাদেশ হাইড এন্ড স্কীন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি আফতাব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বড় আকারের একটি গরু ২৩ থেকে ২৫ বর্গ ফুট হয়ে থাকে আর বকরি বা খাসি সাড়ে তিন বর্গফুট হয়ে থাকে। ফলে বড় আকারের গরুর একটি চামড়ার মূল্য সাড়ে ১২শ থেকে ১৩শ টাকা হবে আর বকরির চামড়ার মূল্য ৭০ থেকে ৮০ টাকা এবং খাসির চামড়ার মূল্য হবে ৯০ থেকে ১শ টাকা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদসহ তিন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
১৭ নভেম্বর ঈদুল আজহা গরু কোরবানী হলেও পাইকাররা নির্ধারিত মূল্যে চামড়া ক্রয় না করায় ট্রেনারীর মালিকরা চামড়া কিনতে এতদিন মাঠে নামেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২৩১০ ঘ.
bdnews24