ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির কারণ জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণে সরকারের নিস্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না আগামী দুই সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলা হয়েছে।
সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির বৈধতা নিয়ে দায়ের করা এক রিট আবেদনে রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
বাণিজ্য সচিব, অর্থ সচিব, টিসিবি'র চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি বিষয়ক কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, সয়াবিন তেল আমদানি কারক সমিতির সভাপতি ও সম্পাদককে রিট আবেদনে প্রতিপক্ষ করা হয়েছে।
এছাড়া বিভিন্ন দেশ থেকে বিভিন্ন তারিখে কী পরিমাণ সয়াবিন তেল কত দামে আমদানি করা হয়েছে তার প্রতিবেদন আগামী চার সপ্তাহের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে জমা দিতে বলা হয়েছে।
গত ২৪ নভেম্বর দৈনিক প্রথম আলোতে প্রকাশিত "সয়াবিনের দাম বাড়লো এক লাফে লিটারে ১৩ টাকা" প্রতিবেদনের প্ররিপ্রেক্ষিতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস ফর পিস বাংলাদেশ রোববার রিট মামলাটি দায়ের করে।
আবেদনের শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, "কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিধান অনুযায়ী ভোক্তাদের অধিকার সংরক্ষণের দায়িত্ব সরকারের।"
তিনি বলেন, এছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সয়াবিনের মূল্য বৃদ্ধি করা হয়নি।
তিনি অরো বলেন, "সয়াবিন একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য এর মূল্য বৃদ্ধিতে জনসাধারণের জীবনযাত্রা অর্থনৈতিকভাবে ব্যাহত হবে। যা সংবিধান পরিপন্থী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩২০ ঘ.
bdnews24