২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরনো জোনের কোরিয়ান কারখানা অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 07:05 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

সাভার, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরনো জোনের কোরিয়ান কারখানা অ্যাক্টর স্পোর্টিং লিমিটেড সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, রোববার সকালে কারখানাটির প্রধান ফটকে বন্ধ ঘোষণার নোটিশ দেখে শ্রমিকরা চলে গেছে। তবে কারখানাটির সামনে পুলিশ মোতায়েন রয়েছে। অ্যাক্টর স্পোর্টিং লিমিটেডের ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬ দফা দাবি আদায়ে শ্রমিকরা শনিবার সকালে কারখানার আসবাবপত্র এবং জানালা ও দরজার কাচ ভাংচুর করে। এক পর্যায়ে কারখানার কর্মকর্তা ও আনসার সদস্যদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। তিনি বলেন, শ্রমিকদের দাবি-দাওয়ার নিয়ে রাতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা) কর্তৃপক্ষের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনা হয়। সেখানে কারখানাটি সাময়িক বন্ধের সিদ্ধান্ত হয়। সে অনুসারে সকালে বন্ধ ঘোষণার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে কবে নাগাদ কারখানাটি খুলে দেওয়া হবে তা জানাতে পারেননি তিনি। আশুলিয়া থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে চলে গেছে। তবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কারখানার সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩০৪ ঘ.