সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে জানিয়ে বিনিয়োগ করার জন্য লন্ডনে ব্যবসায়ীদের এক সম্মেলনে বিদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে লন্ডনে শুক্রবার শুরু হওয়া সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
কুইন এলিজাবেথ কনভেশন সেন্টারে 'মিট বাংলাদেশ- এশিয়ার পরবর্তী বৃহৎ সুযোগ' শীর্ষক দুদিনের এ সম্মেলন ও বিজনেস শো কেইসে দেশের ১৬টি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তারা দিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, "অতীতের তুলনায় বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি অনেক ভালো। বর্তমান সরকার বিনিয়োগের খাতে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।"
সম্মেলনের প্রথম দিন শুক্রবার বিভিন্ন অধিবেশনে বাংলাদেশে বিদ্যুত ও জ্বালানি সেক্টরে বিনিয়োগ এবং এর অবকাঠামো নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে তথ্যপ্রযুক্তি ও ওষুধ খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয় সম্মেলনে।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের গোল্ডম্যান স্যাকের ভাইস প্রেসিডেন্ট আনা স্টুপনিটসকা বলেন, বিগত দশকে প্রবৃদ্ধির ক্ষেত্রে জয়ী দেশগুলোর সঙ্গে বাংলাদেশও রয়েছে। আগামী দশক বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
"প্রবৃদ্ধি ভালো হলে এই সময়ে বাংলাদেশ গ্রিসের চেয়েও এগিয়ে যেতে পারে", বলেন তিনি।
আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান আশহার্স্টের কর্মকর্তা মার্ক এলসি বিনিয়োগ আকৃষ্ট করতে রাজনৈতিক স্থিতিশীলতা ও অবকাঠামো উন্নয়নের পরামর্শ দেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী সচিব আলিসা আয়ারস বলেন, জ্বালানি খাতে উন্নয়নের জন্য অবকাঠামো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম নামে একটি বেসরকারি কোম্পানির উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইউরোপীয় সংসদ সদস্য চার্লস টানক। যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদুর রহমান খান, এসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটি টাইগারের ইফতি ইসলাম, সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সম্মেলনে যোগ দেন।
সালমান এফ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে বাংলাদেশের একটি ইমেজ সমস্যা রয়েছে। তারা সবসময় নেতিবাচক বিষয়টিই তুলে ধরে। এ ধরনের কনফারেন্সের মাধ্যমে সেই ইমেজ সমস্যাটা দূর করার চেষ্টা করছি আমরা।"
"আমরা সব সেক্টরেই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চাই", বলেন তিনি।
হরতালের নেতিবাচক দিক সম্পর্কে সালমান বলেন, "আর কিছুদিন পর বাংলাদেশের জনসাধারণও হরতালকে সমর্থন দেবে না।"
সম্মেলন আয়োজক ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, "যুক্তরাজ্যের মূলধারার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ততা ও যৌথ ব্যবসায় উদ্যোগ বাড়ানোই এর লক্ষ্য। তাই বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণার নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।"
শরিফুল বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানি, বিদ্যুৎ, তথ্য ও যোগাযোগাযোগ প্রযুক্তি, ফার্মাসিটিউক্যাল, সিরামিকস, পর্যটন, তৈরি পোশাক ও টেক্সটাইলসহ সাতটি খাতকে চিহ্নিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৪০ ঘ.
bdnews24