২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোড়ে মোড়ে ছাগলের হাট

কোরবানির পশুর হাটে ছাগল নিয়ে বিপাকে পড়েছেন বেপারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 10:59 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানির পশুর হাটে ছাগল নিয়ে বিপাকে পড়েছেন বেপারীরা। অ্যানথ্রাক্স আতঙ্কে এবার ছাগলের চাহিদা বেশী থাকবে-এই আশায় চড়া দামেই ছাগল কিনে হাটে এনেছেন তারা। কিন্তু গরুর দাম তুলনামূলক কম হওয়ায় ক্রেতারা গরু কেনায় বেশি আগ্রহী হয়ে উঠেন। বিক্রি করার জন্য মঙ্গলবার দুপুরের পর রাজধানীর বিভিন্ন এলাকায় অলি-গলিতে ছাগল নিয়ে ঘুরতে দেখা যায় বেপারীদের। ধানমন্ডি, আজিমপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে ছাগলের ছোটখাট হাট বসে যায়। গাবতলী হাটে ছাগলের বেপারী সোলেমান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার তিনি ১০টি ছাগল কিনেছিলেন ৯০ হাজার টাকা দিয়ে। এর মধ্যে মাত্র ৪টি বিক্রি হয়েছে ১২ হাজার টাকা করে।" বাকীগুলো বিক্রি হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন সোলেমান। সোলেমানের মত অনেক বেপারীই এবার তাদের ছাগল বিক্রি না হওয়ার আশঙ্কায় রয়েছেন। গাবতলী হাটে মনিরুল আলম নামের এক ক্রেতা বলেন, "এসেছিলাম দুটি ছাগল কিনতে কিন্তু গরুর দাম তুলনামূলক সস্তা হওয়ায় ১৮ হাজার টাকা দিয়ে একটি ছোট গরু কিনে ফেলেছি।" হাজারীবাগ হাটে জয়নাল মিয়া নামের এক ক্রেতা বলেন, "২০০৮ সালে গরু কিনতে এসে ছাগল কিনেছিলাম। এবার ঠিক তার উল্টোটাই হয়েছে। ১৬ হাজার টাকা দিয়ে ছোট আকারের একটি গরু কিনেছি।" ধানমন্ডি শংকর মোড়ে দুপুরের পর ছোটখাট ছাগলের হাট বসে যায়। কিন্তু এই ছাগলের হাটে ক্রেতা নেই বললেই চলে। সরুজ নামের এক বেপারী বলেন, "কেনা দামে হলেও ছাগল বিক্রি করে দেব। কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না। ছাগল ফেরত নিয়ে যেতে হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। একই অবস্থা দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। শুধু রাস্তা নয়, বেপারীরা অলি-গলিতে ছাগল নিয়ে ঘুরছেন বিক্রি করার জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৬৪৯ ঘ.