ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পর হরতাল প্রত্যাহারের জন্য বিএনপির প্রতি অনুরোধ জানালো বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তাকিারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার সন্ধ্যায় বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
তিনি বলেন, "৩৫ লাখ পোশাক শ্রমিক ভাই-বোন যাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী গ্রামের বাড়ি গিয়ে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পারে এবং অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্ব বিবেচনা করে আগামীকালের হরতাল প্রত্যাহার করে নেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি।"
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে শনিবার ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে উৎখাত করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। ঈদুল আজহার তিনদিন আগে বিরোধী দল এ কর্মসূচি দিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৯২০ ঘ.
bdnews24