ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় দাতারা যে সহায়তা দেবে তা সমন্বয়ের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার রাজধানীর হেয়ার রোডে অর্থমন্ত্রীর বাসভবনে ইউএনডিপি প্রশাসক ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "ডিজিটাইলাইজেশন প্রক্রিয়ায় অনেক বিষয় আছে। শুধু একসেস টু ইনফরমেশন নয়, আরো প্রোগ্রাম আছে। ইউএনডিপির সঙ্গে আমাদের ১৪টি মন্ত্রণালয় কাজ করছে।
"সব প্রোগ্রামের জন্য আমরা একজন সমন্বয়ক পেতে পারি, যিনি দাতাদের সহায়তা ও তা বাস্তবায়নে সমন্বয় করবেন। আমি তাদের (ইউএনডিপি) অনুরোধ করেছি, যাতে এই সমন্বয়কের দায়িত্ব তারা নেয়।"
এ বিষয়ে অন্য দাতাদের সঙ্গেও আলোচনা করা হবে বলে তিনি জানান।
অর্থমন্ত্রী বলেন, "শুধু অর্থ পাওয়াটা-ই নয়, প্রোগ্রামের বাস্তবায়ন এবং সমন্বয়ও জরুরি।"
বৈঠক সম্পর্কে ইউএনডিপি প্রশাসক হেলেন ক্লার্ক বলেন, "একসেস টু ইনফরমেশন, ডিজিটালাইজড জমি রেকর্ড, ক্রিমিনাল রেকর্ড ও পপুলেশন রেজিস্ট্রির বিষয়ে কথা হয়েছে। এক্ষেত্রে আমাদের ইতিবাচক মনোভাবের কথা অর্থমন্ত্রীকে জানিয়েছি। এছাড়া জলবায়ু পরিবর্তন নিয়েও কথা হয়েছে।"
হেলেন ক্লার্ক এ সময় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে জেলা উন্নয়ন বাজেটে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এছাড়া জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় ইউএনডিপির সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/কেএমএস/১৫৪২ ঘ.
bdnews24