ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১ নভেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হলেও গার্মেন্টস শ্রমিকরা ঈদের বোনাস পাবেন পুরাতন বেতন কাঠামো অনুযায়ী।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিএমইএ দপ্তরে সরকার পক্ষ, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের এক ত্রি-পক্ষীয় সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।
তিনি বলেন, "নতুন বেতন কাঠামো অনুযায়ী ডিসেম্বর মাসেই আগের মাসের (নভেম্বর) বেতন ও অন্যান্য পাওনাদি পাবেন পোশাক শ্রমিকরা। তবে বিদ্যমান পুরনো বেতন কাঠামোতেই তারা যাবতীয় পাওনাদি পাবে আসন্ন ঈদে।"
গত মঙ্গলবার আব্দুস সালাম মুর্শেদী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠকের পর একই কথা বলেছিলেন।
সভায় উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
কেন আসন্ন ঈদে নতুন বেতন কাঠামোয় শ্রমিকরা উৎসব ভাতা পাবেন না- এ প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, "পোশাক শ্রমিকরা অক্টোবর মাসের বেতন পাচ্ছে ঈদের আগে নভেম্বর মাসে। বেতনের সঙ্গে ঈদ বোনাসও পান পুরনো মজুরি কাঠামোতে। তবে ঈদের আগেই শ্রমিকদের সব পাওনা বুঝিয়ে দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।"
পোশাক শ্রমিকরা নতুন কাঠামোয় আসন্ন ঈদুল আজহার বোনাস দাবি করে আসছে। এ নিয়ে গাজীপুরের কয়েকটি কারখানায় গত এক সপ্তাহে বিক্ষোভ-ভাংচুর হয়।
আসন্ন ঈদকে সামনে রেখে পোশাক শিল্পে যাতে অসন্তোষের কোনো সমস্যা সৃষ্টি না হয়- সে বিষয়ে আলোচনা করতে বিজিএমইএ ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে করেন শ্রম প্রতিমন্ত্রী।
আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম, বিজিএমইএ নেতৃবৃন্দ এবং পোশাক শিল্প খাতের ৩৯টি শ্রমিক সংগঠনের নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24